রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে অপপ্রচার! মামলায় অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট
দৈনিক স্টেটসম্যান | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আদালত সূত্রে জানা গিয়েছে, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আগে হাইকোর্টে মামলা করে অভিযোগ জানিয়েছিলেন, তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিভিন্ন তদন্ত ও রাজনৈতিক ইস্যুতে অকারণে তাঁর নাম সংবাদমাধ্যমে টেনে আনা হচ্ছে। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে তিনি আবেদন জানান।
এর আগে এই মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে আগে থেকে প্রকাশ না করার নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে সংবাদমাধ্যমকেও সতর্ক করা হয়েছিল, যেন কোনও নির্দিষ্ট প্রমাণ ছাড়া রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রচারে ব্যবহার না করা হয়।
গত বছরের ১৯ ডিসেম্বর এই মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, যার মেয়াদ ফেব্রুয়ারি মাসের শেষে শেষ হওয়ার কথা ছিল। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার নতুন করে নির্দেশ জারি করে আদালত। বিচারপতি কৃষ্ণা রাও এদিন মামলাকারীকে নিম্ন আদালতে যাওয়ার পরামর্শ দিলেও জানান, ২৪ এপ্রিল পর্যন্ত আগের নির্দেশ বহাল থাকবে।
উল্লেখ্য, কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি— একাধিক বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসার সময় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামও সংবাদমাধ্যমে উল্লেখ করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতেই আদালতের দ্বারস্থ হন তিনি। মামলায় দাবি করা হয়েছে, প্রমাণ ছাড়া এই ধরনের প্রচার তাঁর সম্মানহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
আদালত স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট সংবাদসংস্থা বা পক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা যেতে পারে। ফলে এই মামলার পরবর্তী শুনানির দিকে এখন রাজনৈতিক মহলের নজর।