• বেলডাঙায় অশান্তি: এনআইএ তদন্তের উপর স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়: বেলডাঙায় এনআইএ (NIA) তদন্ত ঠেকাতে রাজ্যের আবেদনে সাড়া দিলো না হাইকোর্ট (High Court)। বুধবার প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, রাজ্যের দাবি অনুযায়ী এনআইএ স্পেশাল কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার কোনও কারণ নেই। কারণ, মুর্শিদাবাদ জেলা পুলিশকে বেলডাঙার ঘটনার এফআইআর, কেস ডায়েরি–সহ যাবতীয় নথি এনআইএকে হস্তান্তরের নির্দেশ দিয়েছিল এনআইএ স্পেশাল কোর্ট।

    আবার একই সঙ্গে রাজ্যের দায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) এনআইএ–কে তদন্তের প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট হাইকোর্টের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের যুক্তি, যদি এনআইএ কেস ডায়েরি–সহ তদন্তের নথি হাতে না পায়, তা হলে কিসের ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তদন্তের অগ্রগতির রিপোর্ট হাইকোর্টের কাছে দেবে। সেই কারণেই এ দিন হাইকোর্ট, এনআইএ স্পেশাল কোর্টের নির্দেশ বহাল রেখেছে।

    এনআইএ–কে আগামী শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ দিন শুনানিতে রাজ্যের তরফে দাবি করা হয়, যেহেতু সুুপ্রিম কোর্ট মামলা হাইকোর্টে পাঠিয়েছে। তাই আগে আদালত বিচার করুক, তদন্তে এনআইএ ঢুকতে পারে কি না। তারপরেই তাদের তদন্তের অনুমতি দেওয়া হোক। রাজ্যের অভিযোগ, তদন্তের নথি হস্তান্তর না করায় এনআইএ স্পেশ্যাল কোর্ট জেলা পুলিশকে তিরস্কার করেছে। অথচ মামলার পরিস্থিতিতে পুলিশের নথি দেওয়ার কোনও কারণ নেই। এনআইএ কোর্ট সময় বেধে ওই নথি হস্তান্তর করে নির্দেশ কার্যকরের রিপোর্ট তলব করেছে পুলিশের কাছে। এই অবস্থায় হাইকোর্ট নিম্ন আদালতের নথি হস্তান্তরের নির্দেশ স্থগিত রেখে, এনআইএকে আপাতত তদন্ত থেকে দূরে রাখুক। কিন্তু, হাইকোর্ট কোনও আবেদনেই সাড়া দেয়নি। আগামী দিনে এনআইএ তদন্তে অগ্রগতির রিপোর্ট দেওয়ার পরে, এ বিষয়ে হাইকোর্ট ওই মামলায় এনআইএ–র হস্তক্ষেপ নিয়ে চূড়ান্ত রায় দেবে।

    এ দিকে, এ দিনই বেলডাঙ্গা অশান্তি মামলায় এনআইএ স্পেশাল কোর্টে সাত অভিযুক্তকে হেফাজতে চেয়ে আবেদন করল এনআইএ। কেন্দ্রীয় সংস্থা আদালতে দাবি করে, ‘সাত অভিযুক্তকে আমাদের হেফাজতে দেওয়া হোক। বাকি ২৪ জনকে জেল হেফাজতে পাঠানো হোক।’ নিম্ন আদালতের বিচারক বলেন, ‘আপনারা (রাজ্য) কেন নির্দেশ পালন করছেন না।’ এ দিন সওয়ার জবাব শোনার পর, ৩১ জনকেই ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিয়েছেন বিচাপরক। আজ, শুক্রবার অভিযুক্তদের ফের আদালতে পেশ করা হবে।

  • Link to this news (এই সময়)