• জয়নগরের ফুটিগোদায় সয়াবিনের দুধ দিয়ে টোফু তৈরি করছে স্বনির্ভর গোষ্ঠী
    বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চিরাচরিত পদ নয়, ভেগান খাদ্য বানিয়ে নজর কাড়ছে জয়নগর দু’নম্বর ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাঁদের তৈরি টোফু কলকাতা সহ বিভিন্ন জেলার বাজারে বিক্রি হচ্ছে। মিলছে অনুষ্ঠানের অর্ডারও।

    পনিরের মত দেখতে হলেও টোফু সোয়া মিল্ক দিয়ে তৈরি হয়। সাধারণত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি বড় অংশ আচার, পাঁপড় প্রভৃতি খাবার বানান। কিন্তু এই ব্লকের ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি প্রত্যয় সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি অন্যদের থেকে আলাদা কাজ করে জনপ্রিয়তা লাভ করছে। কয়েকবছর ধরে দেশ-বিদেশের বহু রেস্তরাঁর খাদ্য তালিকায় জায়গা পেয়েছে টোফু। তা দিয়ে হরেক রকমের পদ তৈরি করছেন রাঁধুনিরা। খাদ্য রসিকরদের মধ্যেও তা জনপ্রিয় হচ্ছে। বিশেষ করে ভেগান মানুষ পনিরের বিকল্প হিসেবে তা বেছে নিয়েছেন। প্রান্তিক গ্রামের মহিলারা টোফুর সঙ্গে কিভাবে পরিচিত হলেন? সংঘের সম্পাদক অনু হালদার বলেন, ‘ব্লকের পূর্বতন বিডিও টোফুর বিষয়ে তাঁদের জানিয়েছিলেন। তারপর গুজরাতের একটি সংস্থার সঙ্গে আলোচনা হয়। মেদিনীপুর থেকে প্রশিক্ষকরা এসে ট্রেনিং দেন। গোষ্ঠীর পক্ষ থেকে মেশিনপত্র কেনা হয়। গত বছর নভেম্বর থেকে টোফু বানানো শুরু হয়েছে।’

    জানা গিয়েছে, এখন প্রতিদিন গড়ে ১০ কেজি করে টোফু বানানো হচ্ছে। একাধিক এজেন্সি তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। অর্ডার মোতাবেক সরবরাহ করাও হয়েছে। সয়াবিনের দুধ দিয়ে টোফু তৈরি হয়। এছাড়া দই, রসগোল্লাও বানানো হয়। এই বিষয়টি নিয়ে পঞ্চায়েতের উপপ্রধান সুকান্ত সর্দার জানিয়েছেন, ‘মেয়েরা নতুন ধরনের জিনিস বানিয়ে চমকে দিয়েছেন। তবে টোফু তৈরির পরিমাণ কয়েকদিন পর থেকে আরো বাড়বে।’
  • Link to this news (বর্তমান)