• দুর্ঘটনা নিয়ন্ত্রণে মতামত জানতে ফেসবুকে পেজ ট্রাফিক পুলিশের
    বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দুর্ঘটনা নিয়ন্ত্রণে মানুষের মতামত জানতে চাইছে বারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। এর জন্য ‘বারাকপুর ট্রাফিক উইং’ নামে একটি ফেসবুক পেজ চালু করেছে ট্রাফিক বিভাগ। কোন রাস্তায় ট্রাফিক ‘ডাইভারশন’ চলছে তা যেমন উল্লেখ থাকবে, ট্রাফিক নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যাপারেও সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়া হবে। যে কোনো ব্যক্তি তাঁর মতামত ওই পেজে দিতে পারবেন।

    সদ্য দায়িত্ব নেওয়া ডিসি ট্রাফিক রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, আমরা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি করতে চাই। সেই কারণেই এই ফেসবুক পেজ চালু করা হল। যেখানে দিনে দুবার সমস্ত তথ্য দেওয়া হবে। মানুষ তার কথা সরাসরি জানাতে পারবেন। প্রস্তাব ভালো হলে গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে। ওই ফেসবুক পেজ নিয়মিত মনিটর করা হবে।

    বারাকপুর পুলিশ কমিশনারেটের মধ্যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, বি টি রোড, ঘোষপাড়া রোড, যশোর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। তবে পথ নিরাপত্তার দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা হয়ে দাঁড়িয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। যেখানে দুর্ঘটনা লেগেই আছে। আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে, তাই এখন থেকেই সক্রিয় হয়েছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)