নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: জল দূষণের সমস্যায় জেরবার নিউটাউন সাপুরজির সুখবৃষ্টি আবাসনের ই-ব্লকের বাসিন্দারা। বুধবার রিপোর্টে ফের কলিফর্ম ব্যাকটেরিয়ার দেখা মেলায় বিক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরা। বুধবার রাতভর তাঁরা ব্লকের ভিতরেই বিক্ষোভ দেখান। বিক্ষোভ তুলতে পুলিশ এলে উলটে পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। কেন সমাধান হচ্ছে না, আবাসিকদের কেন হয়রানি পোহাতে হচ্ছে, তা নিয়েই সরব ছিলেন বাসিন্দারা। জানা গিয়েছে, সুখবৃষ্টি হাউজিং কমপ্লেক্স কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছে।
মাসখানেক আগে সুখবৃষ্টি আবাসনের ই-ব্লকে ডায়ারিয়া প্রকোপ দেখা দিয়েছিল। শতাধিক আবাসিক আক্রান্ত হয়েছিলেন। আবাসনের জলের নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়া মিলেছিল। তারপর রিজার্ভার ও ট্যাংক পরিষ্কার করা হয়। তবে, বুধবার দ্বিতীয়বারের পরীক্ষাতেও কলিফর্ম মিলেছে। তারপর জল না খাওয়া ও ব্যবহার না করার জন্য আবাসিকদের অনুরোধ জানানো হয়। এরপর থেকেই আবাসিকরা ক্ষোভে ফেটে পড়েন। আবাসিকরা সকলেই ফ্ল্যাটের বাইরে বেরিয়ে আসেন। মহিলারাও শামিল হন তাতে। খবর পেয়ে টেকনো সিটি থানার পুলিশ আবাসনে পৌঁছায়। পুলিশের সামনে মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। কেন সমাধান হচ্ছে না বলে প্রশ্ন তোলা হয়। বয়স্ক, শিশু সহ ২৫০-৩০০ মানুষ ইতিমধ্যেই ডায়ারিয়ায় ভুগেছেন। অনেকে আতঙ্কে আবাসন ছেড়ে অন্যত্র চলেও গিয়েছেন। কেউ আত্মীয়ের বাড়িতে রয়েছেন। আবাসিকদের অভিযোগ, এভাবে সমস্যা চলতে থাকলে এখানে বসবাস করবেন কীভাবে? সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন।
জানা গিয়েছে, সমস্যা সমাধান করতে সাপুরজি কর্তৃপক্ষ, এনকেডিএ এবং পিএইচই’র একযোগে কাজ করছে। ভূগর্ভস্থ জলাধার এবং ক্লাস্টারের ১৪৪টি ওভারহেড ট্যাংক সাতবার পরিষ্কার করা হয়েছে। নন-রিটার্ন ভালভ মেরামত এবং ডেলিভারি লাইন ফ্লাশিং সহ প্রাথমিক সংশোধনমূলক সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। ২৫ ফেব্রুয়ারির জল পরীক্ষায় সীমিত সংখ্যক কলিফর্ম ব্যাকটেরিয়ার চিহ্ন পাওয়া গিয়েছে।