সংবাদদাতা, বসিরহাট: পরিত্যক্ত নর্দমায় পড়ে মেয়াদ উত্তীর্ণ অনেক ওষুধ। এনিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা। বাদুড়িয়ার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের মাসিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত নর্দমায় পাওয়া গিয়েছে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়েছে।
এই নিয়ে এলাকার এক বাসিন্দা নজরুল ইসলাম বলেন, নয়া বস্তিয়া ও রামচন্দ্রপুর পঞ্চায়েতের প্রায় ২৫ হাজার মানুষের কথা চিন্তা করে ১৯৯৯ সালে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি তৈরি করা হয়। কিন্তু এখানে না আছে সঠিক পরিষেবা, না আছে উপযুক্ত পরিকাঠামো। ঠিকঠাক ওষুধও পাওয়া যায় না। ফলে বাইরে থেকে বেশি দাম দিয়ে রোগীদের ওষুধ কিনতে হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে গরিব মানুষের ওষুধ তাঁদেরকে না দিয়ে মেয়াদ উত্তীর্ণ করে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের দাবি, অবিলম্বে এই হাসপাতালে বিনামূল্যে ওষুধ দেওয়া হোক। ঠিকঠাক চিকিৎসাও শুরু হোক।
বি এম ও এইচ অসীম হালদার এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে বলেন, বিষয়টি শুনলাম। খোঁজখবর নিয়ে দেখব। এগুলি স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ কি না, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কেউ হাসপাতালকে কলঙ্কিত করার জন্য এটা করতেও পারে। তবু এই ঘটনার সত্যতা জানতে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করবে।