• যানজটের মোকাবিলায় বিকল্প রাস্তা, আশায় বুক বাঁধছে আমতাবাসী, ছোটময়রা থেকে কলাতলা
    বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতায় যানজট কমাতে প্রায় তিন দশক আগে প্রশাসনের উদ্যোগে একটি বিকল্প রাস্তার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা ছিল ছোটমহরা থেকে আমতার কলাতলা পর্যন্ত এই নতুন রাস্তা নির্মাণ করা হবে। জমি জটের কারণে দীর্ঘ দু’দশক এই কাজ আটকে ছিল। অবশেষে সেই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। যানজটের সমস্যা সমাধানের আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ।

    আমতা ১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, বাম আমলে ছোটময়রা থেকে কলাতলা পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরির পরিকল্পনা করা হয়েছিল। টাকাও বরাদ্দ হয়েছিল। পরিকল্পনা করা হয়েছিল রাস্তাটি ছোটময়রা খালপোল থেকে শুরু হয়ে সড়িয়ালা, মল্লগ্রাম, যোৎকল্যাণ হয়ে আমতা রেল স্টেশনের পাশ দিয়ে এসে আমতার কলাতলায় এসে মিশবে। সেইমত প্রশাসনের পক্ষ থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। মাটি কেটে রাস্তার কাজও শুরু হয়। কিন্তু ২০০৪-’০৫ সাল নাগাদ ছোটময়রা ও যোৎকল্যাণের কয়েকজন জমিদাতা জমির দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সেকারণে জমি অধিগ্রহণের পাশাপাশি রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে পূর্তদপ্তর ও ভূমিসংস্কার দপ্তর বৈঠক করে পুনরায় একটি ডিপিআর তৈরি করে। সেই অনুযায়ী কাজ শুরু হয়। আমতা ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শুভজিৎ সাহা বলেন, রাস্তার জন্য প্রাথমিকভাবে ২ কোটি ৬২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সেই টাকায় কাজ শুরু হয়েছে। তবে কিছু জায়গায় জমির সমস্যা আছে। আমরা দ্রুত সেই সমস্যা মেটানোর উদ্যোগ নিয়েছি।

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বর্তমানে আমতা বাস স্ট্যান্ডে আসার জন্য সিনেমাতলা থেকে বাসস্ট্যান্ড আসার রাস্তাটি বেশি ব্যবহৃত হয়। এছাড়াও কয়েকটি লিংক রোড থাকলেও সেইসব রাস্তা অপরিসর হওয়ার কারণে অনেকেই তা ব্যবহার করেন না। সেকারণেই প্রশাসন বিকল্প রাস্তার পরিকল্পনা করে। বাসিন্দাদের বক্তব্য, রাস্তাটি এতদিন তৈরি না হওয়ায় এখানে নিত্য যানজট লেগে থাকে। এখন রাস্তা তৈরি হলে ঘোষালপুর, বসন্তপুর, রসপুরের একটা অংশ, আনুলিয়া সহ ৪-৫টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের আমতা বাস স্ট্যান্ডে আসা অনেকটাই সহজ হবে।
  • Link to this news (বর্তমান)