• কোর্টের পর ডাকঘর ও পাসপোর্ট অফিস, লাগাতার ‘ভুয়ো’ হুমকি মেল! বড়ো ছকের শঙ্কায় গোয়েন্দারা
    বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতের পর এবার পাসপোর্ট সেবা কেন্দ্র এবং ডাকঘর! নির্দিষ্ট সময় উল্লেখ করে বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়ে আসা ই-মেল ঘিরে বৃহস্পতিবার আতঙ্ক ছড়াল গোটা রাজ্যে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে স্তব্ধ হয়ে গেল ডাকঘর এবং পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় পরিষেবা। হয়রানির শিকার হলেন লক্ষ লক্ষ মানুষ। লাগাতার তিনদিন। আর তাই বিষয়টি নেহাতই ভয় দেখানোর ভুয়ো ই-মেল হিসাবে আর নিতে পারছেন না রাজ্যের গোয়েন্দারা। তাঁদের আশঙ্কা, বোমা বিস্ফোরণের হুমকির নেপথ্যে নির্দিষ্ট চক্রের বড়োসড়ো ‘ছক’ থাকতে পারে। সবচেয়ে বড়ো কথা, এনক্রিপটেড বা মাস্কড আইডি হওয়ায় কোনোভাবেই প্রেরকের উৎস মিলছে না। আইপি অ্যাড্রেস ধরে সূত্র খুঁজতে গিয়েও শিকড় পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না।

    গত মঙ্গলবার প্রথমে রাজ্যের বিভিন্ন প্রান্তের আদালতে বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি ই-মেল আসতে শুরু করে। বুধবারও হুমকি ই-মেল আসা অব্যাহত ছিল। আর এদিন বোমা বিস্ফোরণের প্রথম হুমকি মেল আসে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন আনন্দপুরের পাসপোর্ট সেবাকেন্দ্রে। sunniya_dasan@outlook.com আইডি থেকে বোমা হামলার হুমকি। তাতে বলা হয়েছে, শুধু আনন্দপুরের মূল কেন্দ্রই নয়, রাজ্যের বিভিন্ন জেলার যে সমস্ত ডাকঘরে পাসপোর্ট সেবাকেন্দ্র রয়েছে, তার সব ক’টিতেই বিস্ফোরণ ঘটানো হবে। বিস্ফোরণ হবে অন্য ডাকঘরেও। এই মেল আসার পরই চিফ পোস্ট মাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কলের এডিপিএস’এর (বিডি) তরফে ই-মেল মারফত সমস্ত পাসপোর্ট সেবা সংশ্লিষ্ট এবং সাধারণ ডাকঘরে সতর্কবার্তা পাঠানো হয়। দ্রুত কর্মী-গ্রাহকদের বের করে সংশ্লিষ্ট অফিসগুলি খালি করানো হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মী ও গ্রাহক মহলে। বম্ব ডিজপোজাল স্কোয়াড, পুলিশ কুকুর নিয়ে দীর্ঘ খানাতল্লাশি চালিয়ে কিছু মেলেনি।

    পরপর তিনদিন রাজ্যের পুলিশ-প্রশাসনকে ব্যতিব্যস্ত করে রাখা এই ই-মেলগুলি কারা পাঠাচ্ছে? তদন্তকারীরা বলছেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, কর্ণাটক, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড সহ মোট ১০টি রাজ্যের পুলিশের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে এহেন ভুয়ো ই-মেল। হুমকি বার্তায় কোথাও এলটিটিই, কোথাও আবার আইএসআই। কর্ণাটকে মাইসুরু আদালতে যে হুমকি বার্তা গিয়েছিল, সেখানে মেল আইডি ছিল, nilaconda_ranjitha@mail2tor.email।
    কিন্তু এরপর থেকে কর্ণাটকের কানওয়ার সহ দেশের যে প্রান্তেই বোমা বিস্ফোরণের হুমকি গিয়েছে, তার সবক‘টিই পাঠানো হয়েছে sunniya_dasan@outlook.com থেকে। এর উৎস সন্ধানে গিয়ে গোয়েন্দারা জেনেছেন, এটি পুরোপুরি এনক্রিপটেড। বেশ কয়েকটি সার্ভার বাউন্স করিয়ে ই-মেলগুলি পাঠানো হচ্ছে। তাই আইপি অ্যাড্রেসও ‘মুখোশে’ ঢাকা। তবুও বিভিন্ন রাজ্যের তদন্তকারীদের তরফে আইপি অ্যাড্রেস চিহ্নিত করতে মাইক্রোসফটের সাহায্য চাওয়া হয়েছে।
    তদন্তকারীরা বলছেন, আদালত-পাসপোর্ট সেবাকেন্দ্র-ডাকঘর, বেছে বেছে এই জায়গাগুলিতেই কেন বোমা হামলার হুমকি আসছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এসব জায়গার নিরাপত্তায় কোনও খামতি রয়েছে কি না, সেটাই জানাই কি উদ্দেশ্য? নাকি পুলিশকে এসব কাজে ব্যস্ত রেখে অন্য কোনো ছক রূপায়ণের প্রস্তুতি চলছে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)