বেলডাঙা কাণ্ডে রাজ্যের আবেদন খারিজ, কেস ডায়েরি পেতে চলেছে এনআইএ
বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই নির্দেশের পরও এনআইএকে কেস ডায়েরি হস্তান্তর করেনি রাজ্য পুলিশ। এই অভিযোগের প্রেক্ষিতে এনআইএ-কে কেস ডায়েরি হস্তান্তরের নির্দেশ দেয় নিম্ন আদালত। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু, বৃহস্পতিবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে, এই মামলায় অভিযুক্ত ৩১ জনকে একদিনের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে কলকাতার বিচারভবনের এনআইএ’র বিশেষ আদালত। আজ, শুক্রবার ধৃতদের ফের আদালতে হাজির করা হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে অভিযোগের একটি ধারা প্রয়োগ নিয়ে উচ্চ আদালতে চলা মামলার শুনানি সম্পূর্ণ না হওয়ায় নিম্ন আদালত ধৃতদের একদিনের জেল হেপাজতের নির্দেশ দেয়। এনআইএ’র আইনজীবী শ্যামল ঘোষ বলেন, উচ্চ আদালত যে নির্দেশ দেবে, সেই অনুসারেই পদক্ষেপ করা হবে। তিনি জানান, সুপ্রিম কোর্ট বলেছিল অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ ধারা দেওয়া যাবে কি না, তা ঠিক করবে হাইকোর্ট। আর সেই কারণেই আমরা হাইকোর্টের নির্দেশের দিকে তাকিয়ে আছি। তবে ধৃতদের তরফে আইনজীবী ফজলে আহমেদ খান এদিন বলেন, ‘আমরা প্রথম থেকেই আমাদের মক্কেলদের বিরুদ্ধে ইউএপিএ লাগু করার বিরোধিতা জানিয়ে আসছিলাম। এখন দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে জল গড়ায়।’ এদিকে, এর আগে পুলিশ এসকর্ট পাওয়া যাচ্ছে না, বলে দু’টি শুনানিতে অভিযুক্তদের সশরীরে হাজির না করে ভার্চুয়ালে অংশ গ্রহণ করানো হয়েছিল। তা নিয়ে আদালত চরম উষ্মা প্রকাশ করেছিল। এদিন অবশ্য অভিযুক্তদের সশরীরে আদালতে হাজির করা হয়।