• মাধ্যমিকের ভুয়ো প্রশ্নপত্র ফাঁসের চক্র, ধৃত মুর্শিদাবাদের ৩
    বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার ভুয়ো প্রশ্নপত্র ফাঁস করার একটি চক্র চিহ্নিত হয়েছে। পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দেদার টাকাও তুলছিল তারা। বিষয়টি নজরে আসামাত্রই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মাসুদ আলি, ফায়েদ আলি এবং চিরঞ্জিত দাস। এই প্রতারণা কাণ্ডে তাদের যোগের প্রমাণও মিলেছে। এই তিনজনের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। ধৃতরা কত টাকা তুলেছে, সেই টাকা কোথায় স্থানান্তর করা হয়েছে, তদন্ত চলছে সবটা নিয়েই। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি। পুলিশ জানিয়েছে, ভুয়ো প্রশ্নপত্র ইউটিউব ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার একটি চক্রের সন্ধান মিলেছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল, পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা তোলা। প্রশ্নপত্র সম্পর্কে বাস্তবে তাদের কোনো ধারণাই নেই। প্রতারণার জন্যই তারা এই চক্র ফেঁদেছিল। অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ভালোই টাকা তুলছিল দুষ্কৃতীরা। এই ব্যাপারে অভিযোগ দায়ের হয় ১ ফেব্রুয়ারি। তারপরই তদন্তে নামে পুলিশ। তদন্তে জানা যায়, প্রশ্নপত্র শুধু ভুয়োই নয়, সোশ্যাল মিডিয়ায় তাদের খোলা অ্যাকাউন্টগুলিও ছিল জাল। তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের নামেও একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল।

    বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, ‘মোবাইল গ্রাহকের তথ্য, আইপি লগ এবং ডিজিটাল লেনদেনের সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে তিন অভিযুক্তকে শনাক্ত করা হয়। তারপর গ্রেপ্তার করা হয়েছে তাদের। ধৃতদের কাছ থেকে একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)