• সুতাহাটায় গ্লোবাল গ্রুপের নয়া ক্যাম্পাসের শিলান্যাস
    বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • শ্যামল সেন, হলদিয়া: বৃহস্পতিবার সাড়ম্বরে গ্লোবাল গ্রুপ অব ইনস্টিটিউশনস-এর নতুন ক্যাম্পাসের শিলান্যাস হল। বৈদিক মন্ত্রোচ্চারণ ও পুজোপাঠের মধ্যে দিয়ে শিলান্যাস অনুষ্ঠানের সূচনা হয়। হলদিয়ার সুতাহাটার মহম্মদপুরে সবুজে ঘেরা পরিবেশে পাঁচ একর জায়গাজুড়ে ওই সংস্থার নতুন শিক্ষাঙ্গন গড়ে উঠছে। কেরিয়ারমুখী একাধিক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাঠের জন্য এবার নতুন দিগন্ত খুলে যাবে বলে দাবি হলদিয়ার গ্লোবাল গ্রুপের।

    এদিন নতুন ক্যাম্পাসের শিলান্যাস করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী মুক্তেশ্বরানন্দজি মহারাজ। প্রধান অতিথি ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় সহ শিক্ষা, সংস্কৃতি ও চিকিৎসা জগতের বিশিষ্ট মানুষজন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শীর্ষ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য মানুষজন উপস্থিত ছিলেন।

    মুক্তেশ্বরানন্দজি মহারাজ এদিন পড়ুয়াদের সততা ও চরিত্রবান হওয়ার উপর জোর দেন। উল্লেখ্য, ১৯৯৮ সালে জেলার ছাত্রছাত্রীদের কেরিয়ারমুখী আধুনিক কোর্সে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে গ্লোবাল গ্রুপ অব ইনস্টিটিউশননের পথচলা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষাকে সকলের নাগালের মধ্যে পৌঁছে দেওয়াই ছিল এর মূল লক্ষ্য। সময়ের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠানের শিক্ষাক্রমে যুক্ত হয়েছে একাধিক আধুনিক ও কর্মমুখী কোর্স। এর মধ্যে রয়েছে বিজনেস ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, ডেটা সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং এভিয়েশন ম্যানেজমেন্ট। এই কোর্সগুলি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলছে। বর্তমানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ ও বিদেশের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কর্মরত। ইতিমধ্যেই পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর শিক্ষা ও কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গ্লোবাল গ্রুপ অব ইনস্টিটিউশনস। গ্লোবাল গ্রুপ কর্তৃপক্ষের দাবি, এই প্রতিষ্ঠান হলদিয়া তথা রাজ্যের শিক্ষাক্ষেত্রে অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই ক্যাম্পাস আধুনিক শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উন্নত ও গুণমানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। আগামী দিনে আইন, স্বাস্থ্য বিষয়ক এবং একাধিক স্নাতকোত্তর কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। গ্রামীণ পরিবেশে নতুন ক্যাম্পাস শুধু পরিবেশবান্ধব নয়, আধুনিক এডুকেশন জোনের পাশাপাশি থাকবে স্পোর্টস জোন, অ্যাক্টিভিটি জোন, ছাত্রছাত্রীদের হস্টেল, অন ক্যাম্পাস শপিং জোন ও অডিটোরিয়াম এবং সেমিনার হল।
  • Link to this news (বর্তমান)