• পুরসভার অধীনে যাওয়ার পরেই বেতন অনিয়মিত এমএসকে কর্মীদের
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, বংশীহারি: চার মাস ধরে বেতন পাচ্ছেন না বুনিয়াদপুর পুরসভার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের কর্মীরা। এ নিয়ে পুরসভা কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি। এদিকে যখন পুরসভার এমএসকের (MSK) কর্মীরা বেতন পাচ্ছেন না, তখন কিন্তু ব্লক প্রশাসনের অধীনে থাকা এমএসকের কর্মীরা যথাসময়ে বেতন পাচ্ছেন। যা নিয়ে পুরসভার কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের কাছে বেতন দেওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।

    বর্তমানে দক্ষিণ দিনাজপুরে ৪০টি এমএসকে কেন্দ্র রয়েছে। বংশীহারি থানা এলাকায় পাঁচটি এমএসকে সেন্টার থাকলেও ব্রজবলল্লভপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এমএসকে সেন্টার অনেক দিন আগে বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে চারটি এমএসকে সেন্টার আছে। যার মধ্যে দুটি পুরসভার অধীনে। আর দুটি ব্লক প্রশাসনের অধীনে রয়েছে। এই চারটি স্কুল মিলিয়ে প্রায় ১৪ শিক্ষক ও কর্মী রয়েছেন। ২০২৩ সালে নভেম্বর মাসে করখা সারথি ও চকসাদুল্লা এমএসকে বুনিয়াদপুর পুরসভায় অধীনে চলে যায়। অভিযোগ, পুরসভার অধীনে থাকা দুটি স্কুলের ছ’জন শিক্ষক ও কর্মী অনিয়মিত ভাবে বেতন পাচ্ছেন। গত অক্টোবর মাস থেকে তাঁরা বেতন পাননি।

    এ বিষয়ে এমএসকে শিক্ষক জগন্নাথ দাস বলেন, ‘শুধু আমাদের বেতন ঠিকমতো পাচ্ছি না এমনটা নয়। স্কুলে বইও সঠিক সময় পাওয়া যায় না। পুরসভার অধীনে যাওয়ার পর থেকেই সবটাই অনিয়মিত হয়ে গিয়েছে।’ করখা সারথি এমএসকে কেন্দ্রের প্রধান শিক্ষক কুতুবউদ্দিন আহমেদ বলেন, ‘চার মাস ধরে বেতন পাইনি। তারপরও আমরা স্কুল সচল রাখার সব রকম উদ্যোগ নিয়েছি।’

    বুনিয়াদপুর পুরসভার প্রশাসক সমীর সরকার বলেন, ‘এই স্কুলগুলির শিক্ষক ও কর্মীদের বেতন হয় আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে। তারা বেতন নিয়ে কোনও তথ্য পাঠায়নি। আমাদের কাছে বেতন এলেই তা আমরা দিয়ে দেব।’

  • Link to this news (এই সময়)