• মাঝমাঠ দখল নিয়েই জিততে মরিয়া ইস্ট বেঙ্গল, জামশেদপুরের বিরুদ্ধে অভিষেকের অপেক্ষায় সোয়বার্গ, তাল ঠুকছেন তালালরা
    বর্তমান | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • শিবাজী চক্রবর্তী,কলকাতা: সাংবাদিক সম্মেলনের ফাঁকেই কবজিতে বাঁধা ঘড়িটা আলগোছে দেখে নিলেন অস্কার ব্রুজোঁ। পাশে বসা মিডিয়া ম্যানেজারকে তাঁর মন্তব্য, ‘আজকের দিনেই হায়দরাবাদকে হারিয়েছিলাম।’ স্প্যানিশ কোচের স্মৃতিশক্তি তারিফযোগ্য। এক বছর আগের ২৬ ফেব্রুয়ারি যুবভারতীতে হায়দরাবাদকে বশ মানায় ব্রুজোঁর ইস্ট বেঙ্গল। মনোজ মহম্মদের আত্মঘাতী গোল ছাড়াও জাল কাঁপিয়েছিলেন মেসি বৌলি। ইস্ট বেঙ্গল রিলিজ করার পর ক্যামেরুনের স্ট্রাইকারকে লুফে নেয় জামশেদপুর এফসি। কী আশ্চর্য, শুক্রবার ইস্পাতনগরীর ফ্র্যাঞ্চইজির সামনাসামনি হওয়ার আগে লাল-হলুদ শিবিরে ক্যামেরুনের মেসিকে নিয়ে জোর আলোচনা। শুধু মেসিই নন, আরেক প্রাক্তনী মাধি তালালও তৈরি। এসিএল চোটের পর ফরাসি ফুটবলারের সঙ্গেও গোল্ডেন হ্যান্ডশেক সারে লাল-হলুদ ম্যানেজমেন্ট। পরবর্তীতে ফিট হওয়ার পর তিনিও পাড়ি দেন জামশেদপুর এফসিতে। এমনকী গত ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে তালালের গোলেই ৩ পয়েন্ট পায় জামশেদপুর। শুক্রবার যুবভারতীতে মেসি, তালালই ইস্ট বেঙ্গলের গলার কাঁটা। বিদেশি ডিফেন্ডারহীন ইস্ট বেঙ্গল কোচ তাই বেশ সতর্ক। অস্কার ব্রুজোঁর মন্তব্য, ‘জামশেদপুর কঠিন প্রতিপক্ষ। মাঝমাঠ অনেক গোছানো। ওদের জায়গা দিলে বিপদ অনিবার্য।’ স্প্যানিশ কোচ কীভাবে হোমওয়ার্ক করবেন তার উপর ম্যাচের ফল অনেকটাই নির্ভরশীল। তবে ঘরের মাঠে টানা তিনটি ম্যাচ জিততে মরিয়া থিঙ্কট্যাঙ্ক।

    আইএসএলে প্রথম দু’টি ম্যাচ জিতে হাওয়ায় উড়ছে ইস্ট বেঙ্গল। মিগুয়েল ও ইউসেফের কম্বিনেশনে ছারখার প্রতিপক্ষ। ব্রাজিলিয়ান মিডিও গোটা দলের ইঞ্জিন। ইদানীং ঘাড়ের ব্যথায় বেশ কাবু। তবে ট্যাপিং করে খেলবেন। শোনা যাচ্ছে জোনাল মার্কিংয়ের দাওয়াইতে মিগুয়েলতে বোতলবন্দি করতে চান জামশেদপুর কোচ আওয়েন কোয়েল। রক্ষণে বড় চেহারার স্টিফেন এজের দায়িত্ব ইউসেফকে সামালানো। অন্যদিকে সাউল ক্রেসপো শুক্রবার অনিশ্চিত। ম্যাচের দিন সকালে মেডিকেল সেশনের পর চূড়ান্ত সিদ্ধান্ত। পাশাপাশি নজর থাকবে অ্যান্টন সোয়বার্গের দিকে। ড্যানিশ ফুটবলারকে নিয়ে আশার জাল বুনছে থিঙ্কট্যাঙ্ক। অনুশীলনে বেশ নজর টেনেছেন এই ড্যানিশ ফুটবলার। মাঠমাঠে রশিদ, সোয়বার্গ, মিগুয়লেকে দিয়েই ইস্পাত দুর্গে ফাটল ধরাতে চান অস্কার। কিন্তু সোয়বার্গ খেললে এডমুন্ড লালরিনডিকার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকছে। নিষ্প্রাণ নন্দকুমার না তেজি ঘোড়া এডমুন্ড? কাকে খেলাবেন অস্কার? বৃহস্পতিবার অনুশীলনে জেরিকেও তৈরি রাখলেন স্প্যানিশ কোচ।

    এদিন ইস্ট বেঙ্গল কোচের সঙ্গেই সাংবাদিক বৈঠকে উপস্থিত হওয়ার কথা ছিল এডমুন্ড লালরিনডিকার। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে পাঠানো হয় ক্রেসেপোকে। তাঁর চোট নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা। শোনা গিয়েছিল, পায়ের চোটের থেকেও গভীর মনের আঘাত। কোচের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না সাউলের। বিতর্ক এড়াতে তাই সামনে আনা হল ক্রেসপোকে। চোটপ্রবণতা মানতে রাজি নন স্প্যানিশ মিডিও। বরং আত্মপক্ষ সমর্থনে সাউলের যুক্তি, ‘ডুরান্ড হোক বা সুপার কাপ, ক’টা ম্যাচ মিস করেছি বলুন তো? ড্রেসিং-রুমে অহেতুক বিতর্কের জায়গা নেই।’ সাউলের বোঝা উচিত, ইস্ট বেঙ্গল মাঝমাঠে ব্লকিংয়ের সমস্যা রয়েছে। দলের প্রয়োজনেই তাড়াতাড়ি কামব্যাক প্রয়োজন।

    যুবভারতীতে ম্যাচ শুরু বিকেল পাঁচটায়। সম্প্রচার ফ্যান কোড ও সোনি স্পোর্টসে।
  • Link to this news (বর্তমান)