• আরও ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, মার্চেই শুরু হবে হাঁসফাঁস গরম
    আজ তক | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং গাঙ্গেয় বাংলা ও অসমের উপরে তৈরি একজোড়া ঘূর্ণাবর্তের মিলিত প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি নেমেছিল। এর প্রভাবে দিনের তাপমাত্রার খানিক হেরফের হয়েছিল ঠিকই কিন্তু তার রেশ ছিল সাময়িক। সোম ও মঙ্গলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে নামলেও বুধবারই ফের তা পৌঁছে গিয়েছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার সেই পরিসংখ্যান বাড়বে বই কমবে না। 

    হাওয়া অফিস জানাচ্ছে, এবার তাপমাত্রা বৃদ্ধিরই পালা। আর নতুন করে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে। বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে যাবে। মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়ে গেলেও বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরমও অনুভূত হবে। কয়েক দিনের মধ্যেই বাতাসে উপস্থিত জলীয় বাষ্পর পরিমাণ কমে আগের জায়গায় চলে এলে শুরু হয়ে যাবে শুকনো গরম।

    তবে গরমের পিছু পিছু আসবে কালবৈশাখীও। ওড়িশা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেলে কালবৈশাখীর আবহ তৈরি হবে রাজ্যে। তবে সে পরিস্থিতি আসতে বেশ কিছুটা সময় লাগবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

    উত্তরবঙ্গে আগামী কয়েক দিনের তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। আগামী ৪ দিন একই রকম থাকবে পারদ। তারপর থেকে মার্চের প্রথম ৩ দিনে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 

    মার্চের শুরু থেকেই পারদ ঊর্ধ্বমুখী হবে গোটা দক্ষিণবঙ্গে। মার্চের ১ তারিখ, রবিবার থেকেই তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা। এর ফলে এবারের দোল পূর্ণিমা কাটবে ভ্যাপসা গরমেই। 


     

     
  • Link to this news (আজ তক)