• ছোটপর্দায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়! কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • বরাবরই ক্যামেরার ওপারে থাকতে চেয়েছিলেন। হতে চেয়েছিলেন পরিচালক। তবে ভাগ্য তাঁকে নিয়ে এসেছে ক্যামেরার সামনেও। যদিও পরিচালক হিসেবেও দর্শক মহলে খ্যাতি পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। টেলিভিশনের পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর বড়পর্দা থেকে ওটিটি, টলিউড থেকে বলিউডে তাঁর অবাধ বিচরণ। বেশ কয়েকদিন অভিনয় থেকে দূরেই ছিলেন তিনি। তবে পরমব্রত আবারও ফিরতে চলেছেন তাঁর চেনা গণ্ডিতে। অভিনেতাকে আবারও দেখা যেতে চলেছে ছোটপর্দায়।

    জি বাংলার আসন্ন ধারাবাহিক 'কমলা নিবাস'-এ দেখা যেতে চলেছে পরমব্রতকে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্তকে। তাঁদের দুই মেয়ের চরিত্রে থাকবেন দেবাদৃতা বসু ও সংহতি বন্দ্যোপাধ্যায়কে। গল্পে দেবাদৃতার সঙ্গে দেখা যেতে চলেছে পরমব্রতকে। ইতিমধ্যেই ধারাবাহিকের শুটিং শুরু করেছেন তিনি। সমাজমাধ্যমে ইন্দ্রপুরী স্টুডিওতে দাঁড়িয়ে একটা ছবিও কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পরমব্রত। তখনই 'ঘরে' ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। এবার খবর পাকা হল। বহু বছর পর টেলিভিশনের পর্দায় আবারও তাঁকে দেখবেন দর্শক।

    কিছুদিন আগেই বঙ্গভূষণ পেয়েছিলেন পরমব্রত। জি বাংলার 'সোনার সংসার' অ্যাওয়ার্ডেও দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকেই জল্পনা শুরু হয়। 'কমলা নিবাস'-এ পরমব্রত ও দেবাদৃতার প্রেম দেখবেন দর্শক। তবে তাঁদের প্রেম গল্প অনুযায়ী পরিণতি পাবে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।

    গল্প অনুযায়ী, শ্রীনিবাস গুহ এবং তাঁর স্ত্রী কমলাকে ঘিরে। শ্রীনিবাস নিছকই এক মধ্যবিত্ত মানুষ। সংসারের দায়দায়িত্ব পালন করতে করতে কখন যে তাঁর বয়স বেড়ে গিয়েছে বুঝতে পারেননি। বুঝতে পারেননি বাজারদরও কবে বেড়ে গিয়েছে। কিন্তু জীবনের এই প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েও তাঁর একটাই স্বপ্ন, তাঁর স্ত্রী কমলার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া। নিজেদের একটা বাড়ি গড়ে তোলা। এই চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে।

    অন্যদিকে ছাপোষা, সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ হলেন কমলা। সে পরিবারের মঙ্গল কামনা করতে মন্দিরে এসেছে পুজো দিতে। একই সঙ্গে পুরোহিতকে মেয়েদের কুষ্ঠী দিয়ে যান, ভাল পাত্র খুঁজে দেওয়ার জন্য। তাঁর একটাই স্বপ্ন, তিন মেয়েকে ভাল ঘর, বরে বিয়ে দেওয়া। মেয়েরা যেন সুখে সংসার করে। কমলার চরিত্রে দেখা যাবে সোহিনী সেনগুপ্তকে।

    দু'জনের স্বপ্ন দুই রকমের। কিন্তু তাও তাদের একে অপরের প্রতি ভালবাসা, টান, অমোঘ। এমন অবস্থায় দুজনের মধ্যে কার স্বপ্ন আগে পূরণ হয় সেটাই দেখার। তবে এখনও পর্যন্ত জানানো হয়নি 'কমলা নিবাস' ধারাবাহিকটির পথ চলা কবে শুরু হবে।
  • Link to this news (আজকাল)