• কালীঘাটে পুজো, পয়া হোটেলে বাস, ‘কোয়ার্টার ফাইনালে’র আগে সংস্কারী গম্ভীর
    প্রতিদিন | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • বৃহস্পতিবারের দু’টো ম্যাচের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে নতুন করে অক্সিজেন পেয়েছে ভারত। রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সূর্যকুমার যাদবদের ম্যাচটা একপ্রকার কোয়ার্টার ফাইনাল। আর সে ম্যাচ খেলতে শুক্রবার শহরে এসেই কালীঘাট মন্দিরে ছুটতে চলেছেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। পাশাপাশি এবার দলবল নিয়ে নিজের পয়া হোটেলে থাকতে চলেছেন তিনি।

    শুক্রবার বিকাল সাড়ে চারটে নাগাদ চেন্নাই থেকে শহরে আসছে টিম ইন্ডিয়া। আহমেদাবাদ থেকে ওয়েস্ট ইন্ডিজ আসবে তারও ঘটা দেড়েক পর। বিকালে শহরে এসেই সন্ধ্যায় কালীঘাটে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে গম্ভীরের। এমনিতে দলের সঙ্গে ভারতের যে শহরেই যান না কেন, সেখানে পরিচিত মন্দিরে ঢুঁ মেরে আসেন তিনি। আর কেকেআরে খেলার সময় থেকেই নিয়মিতভাবে কালীঘাটে যান গম্ভীর। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা টেস্ট খেলতে কলকাতা এসেও তিনি পুজো দিয়েছেন সেখানে।

    আবার সায়েন্স সিটির উল্টোদিকের হোটেলের সঙ্গেও গম্ভীরের সম্পর্ক দেড় দশকের পুরনো। কেকেআরে খেলার সময় থেকেই সেখানে থাকেন তিনি। অধিনায়ক ও মেন্টর হিসেবে যে তিনটে আইপিএল গম্ভীর জিতেছেন, সব ওই হোটেলে থেকে। ফলে কার্যত নকআউট ম্যাচ খেলতে এসে সেখানেই ঠাঁই নিচ্ছেন তিনি। সঙ্গে পুরো দল। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য থাকছে পাশেই সেই হোটেলের নবনির্মিত বিভাগে। ভারতীয় দলও অতীতে এসে থেকেছে সেই নতুন হোটেলে। কিন্তু এবার ‘পয়া’ হোটেলেই ভরসা রাখছেন গম্ভীর।

    এবার আসা যাক রোববারের কলকাতায়। বৃহস্পতিবার প্রোটিয়ারা জিতে যাওয়ায় আর কোনও কঠিন সমীকরণ নেই। দক্ষিণ আফ্রিকা চলে গিয়েছে সেমিফাইনালে। গ্রুপের দ্বিতীয় দল হিসাবে কে উঠবে শেষ চারে, সেটা ১ মার্চই ঠিক হবে। ইডেনে সেদিন ভারত-ওয়েস্ট ইন্ডিজের ‘কোয়ার্টার ফাইনাল’ ম্যাচ। যে জিতবে, সে সেমিতে। অন্য দল ফিরবে বাড়ি। নকআউট ম্যাচের আগে মন্দির-পয়া হোটেল সমস্ত কিছুতেই আস্থা রাখছেন গুরু গম্ভীর। ভাগ্য কি সদয় হবে?
  • Link to this news (প্রতিদিন)