• ‘৩০ হাজার খরচ, আর উঠছে...’, কতদিন বন্ধ থাকবে প্রিয়া, বিনোদিনী, নবীনা? মালিকেরা বলছেন...
    এই সময় | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • দর্শক নেই সিনেমা হল-এ। বাধ্য হয়েই সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকেরা? দিনকয়েক ধরেই গুঞ্জন টলিপাড়ায়। উৎসবের দিনগুলো ছাড়া নাকি সে ভাবে হাউসফুল তো দূরের কথা, হলের অর্ধেক ভর্তি হওয়াও কঠিন হয়ে পড়ছে। সারা বছর তবে কী করে চলবে হল মালিকদের? তাই কি বিনোদিনী, প্রিয়া ও নবীনার সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত?

    চলতি সপ্তাহে উত্তর কলকাতার বেশ কিছু প্রেক্ষাগৃহে দেখা গিয়েছে একই ছবি। বিনোদিনী (পূর্বে স্টার থিয়েটার) দিনদুয়েক ধরে বন্ধ। বুধবার বন্ধ ছিল প্রিয়াও। শুধু তাই নয়, শোনা যাচ্ছে কিছু দিন বন্ধ থাকবে নবীনাও। শহরের বুকে তিনটে হল পর পর এমন বন্ধ থাকার কারণ কী? ‘এই সময় অনলাইন’কে কী জানালেন হল মালিকেরা?

    এই বিষয়ে প্রিয়া সিনেমাহলের মালিক অরিজিৎ দত্তের স্পষ্ট জবাব, ‘একদম টিকিট বিক্রি নেই। অপারেটিং কস্ট প্রতিদিন ২৫-৩০ হাজার টাকা। এ দিকে, মাত্র পাঁচ হাজার টাকা উঠছে। কী করব? যদিও শুক্রবার আবার খুলব। উইকএন্ডে দেখব কেমন ব্যবসা হয়। তখনও যদি না চলে আবারও সোমবার থেকে বন্ধ করতে হবে। পাঁচটা লোক হলেও তো AC চালাতে হচ্ছে। তাই সিনেমা ভালো চললে হল চলবে।’

    নবীনা সিনেমাহলের মালিক নবীন চৌখানি অবশ্য এই বিষয়ে বলেন, ‘রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। আমাদের প্ল্যানই ছিল একটু ঠিকঠাক করা হবে। তাই ২৭ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হলগুলো।’

    বিনোদিনী প্রেক্ষাগৃহের মালিক জয়দীপ মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘আগামীকাল থেকে খুলে যাচ্ছে বিনোদিনী। দু’দিন বন্ধ রাখা হয়েছিল। রক্ষণাবেক্ষণের লোক কম ছিল। তাই একটু বন্ধ রেখে কাজগুলো করিয়ে নেওয়া হলো। এর পরেই ইদ আসছে। মানুষ আবার সিনেমা দেখবেন। তাই একটু গুছিয়ে নামা হচ্ছে। তবে হল বন্ধ হয়ে যাচ্ছে এই রটনা একেবারেই ভুল। এরকম কিচ্ছু হচ্ছে না।’

    মাল্টিপ্লেক্সের ভিড়ে আজও শহরের বুকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে প্রিয়া, নবীনা, বিনোদিনীর মতো একঝাঁক সিনেমাহল। জড়িয়ে রয়েছে একরাশ স্মৃতি, নস্ট্যালজিয়াও। তাই এই সিনেমাহলগুলোয় তালা ঝুলবে, এটা মেনে নেওয়া কঠিন সিনেপ্রেমীদের পক্ষেও। যদিও হলমালিকদের বক্তব্য দর্শকদের আশ্বস্ত করবে বলা চলে।
  • Link to this news (এই সময়)