আজকাল ওয়েবডেস্ক: ট্রেন আসার জন্য রেলগেট পড়েছিল। তাড়াহুড়ো করে সেই গেট পার করতে গিয়ে সেই রেলগেট ভেঙেই পালাল গাড়ি।
ব্যান্ডেল–কাটোয়া শাখায় ব্যান্ডেল স্টেশন ছাড়ার পরেই ঈশ্বরবাগ এলাকায় জিটি রোডের উপর রয়েছে রেলগেট। জানা যায়, ট্রেন আসার আগে গেট পড়েছিল। তাড়াহুড়ো করে সেই গেট পার হতে গিয়েই ঘটল বিপত্তি।
জানা গেছে, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ। ট্রেন আসছিল বলে পড়ছিল রেলগেট। ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে না থেকে তাড়াহুড়ো করে রেলগেট পার হতে যায় একটি ছোট ট্রাক। তখনই ওই গাড়ির সঙ্গে ধাক্কা লাগে রেলগেটের। রেলগেট পড়ন্ত অবস্থাতেই বেঁকে যায়। তবে ধাক্কা মারার পর ট্রাকটি পালিয়ে যায়। কিন্তু রেলগেট ওই অবস্থাতেই আটকে যাওয়ায় ঘটে বিপত্তি। যানজট সৃষ্টি হয় জিটি রোডে। বড় লরি থেকে শুরু করে চার চাকা গাড়ি সব আটকে পড়ে। শুধুমাত্র বাইক যাতায়াত করতে পারছিল। এরপর ট্রেন আসার সময় স্লাইডিং গেট ব্যবহার করে গেটম্যান। খবর দেওয়া হয় ব্যান্ডেল আরপিএফের পুলিশ ও আধিকারিকদের। প্রায় ঘন্টা খানেক পর রেলের কর্মীরা এসে গেট মেরামতির কাজ শুরু করেন। এই ঘটনায় রেলের কোনও আধিকারিক মুখ খোলেননি।
প্রায় ঘন্টা দেড়েক পর ভাঙা গেট খুলে সরিয়ে জিটি রোডের যানজট মুক্ত করে যান চলাচল স্বভাবিক করা হয়।