• হুমকি মেলে বোমাতঙ্ক, স্তব্ধ পরিষেবা
    আজকাল | ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  • মিল্টন সেন, হুগলি: আবারও হুমকি মেলে ছন্দ পতন ঘটল। আধিকারিক থেকে কর্মীরা সকলেই বেরোলেন ডাকঘরের বাইরে। স্তব্ধ হয়ে গেল যাবতীয় পরিষেবা। চরম হয়রানি সত্ত্বেও সামান্য পরিষেবার আশায় দাঁড়িয়ে রইলেন সাধারণ মানুষ।

    এই নিয়ে পরপর দুদিন ঘটলো একই ঘটনা। রাজ্যের একাধিক পোস্ট অফিস,পাসপোর্ট কেন্দ্রে বোমাতঙ্ক ছড়ালো হুমকি ই-মেলে। চরম ভোগান্তির মুখে সাধারণ মানুষ। আতঙ্কের জেরেই সঠিকভাবে সময় মতো পরিষেবা পাচ্ছেন না। বৃহস্পতিবারের পর ফের শুক্রবার হুমকি মেল আসে চুঁচুড়া শ্রীরামপুর সহ রাজ্যের একাধিক পোস্ট অফিসে।

    চুঁচুড়া মুখ্য ডাকঘরে মেল আসতেই তড়িঘড়ি বাইরে বেরিয়ে পড়েন পোস্ট অফিসের কর্মী থেকে সাধারণ গ্রাহকরাও। অনেকেই প্রশ্ন তুলছেন এই হুমকি মেল কি নিছক মজা করার জন্য, নাকি এর পিছনে গভীর উদ্দেশ্য রয়েছে। আখেরে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদেরই। অনেকেই পাসপোর্ট সহ আধার কার্ডের কাজ করাতে এসে, পোস্ট অফিসে অন্যান্য পরিষেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই প্রশ্ন তুলছেন কখনও আদালত, কখনও আবার ডাকঘর, এরপর আবার কোথাও বোমাতঙ্ক ছড়াবে সেটা কেউই জানে না।

    গোটা জেলা জুড়ে উদ্বিগ্ন অবস্থা তৈরি হয়েছে সকলের মধ্যে। পোস্টাল পরিষেবা কেন্দ্র সরকারের হওয়া সত্ত্বেও কোনও রকম ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া পোস্ট অফিসে অনিকেত সাউ নামে এক ব্যক্তি বলেন, পাসপোর্ট এর জন্য তিনি সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন। হটাতই শুনতে পান বোমাতঙ্ক ছড়িয়েছে। তাই সবাই বেরিয়ে গেছে। অফিসে কাজ বন্ধ হয়ে গেছে। কোনও কিছুই হচ্ছে না। বারবার এই ধরনের ঘটনা ঘটায় তিনি যথেষ্টই সমস্যায় পড়েছেন। আরও এক গ্রাহক সৈকত ঘোষ বলেন, তিনি অফিস ছুটি নিয়ে পোস্ট অফিসে এসেছিলেন। এসে দেখেন এইরকম পরিস্থিতি।

    পুরোপুরি কাজ বন্ধ হয়ে পড়ে আছে। তাঁকেও চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এই প্রসঙ্গে চুঁচুড়া হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার সৌমিত্র দত্ত বলেছেন, বৃহস্পতিবারের পর এদিনও মেল আসে বোমাতঙ্কের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি গ্রাহকসহ অফিসের কর্মীদের বাইরের বেরিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। হেড অফিসের নির্দেশে বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত অফিস অফিসের সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার কারণে গ্রাহকদের ভোগান্তি তে পড়তে হচ্ছে ঠিকই, কিন্তু তিনি শেষ পর্যন্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন।ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)