মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। রাজ্যের সিইও অফিস সূত্রে পাওয়া যাচ্ছে এমনই খবর।
সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল সাংবাদিকদের আভাস দিয়েছেন মার্চের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে।
এ বার রাজ্যের বিধানসভা ভোট কত দফায় হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। সূত্রের খবর, সেই বিষয়টি নিয়েও মুখ খুলেছেন CEO মনোজকুমার আগরওয়াল। সর্বোচ্চ তিন দফায় ভোটের সম্ভাবনা রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
আগামিকাল, শনিবার বিকেল ৫টায় সাংবাদিক বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
CEO অফিস সূত্রে যে আভাস মিলেছে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। ১ মার্চ নির্বাচন কমিশনের টিম রাজ্যে আসছে না। তারপরে হোলি ও দোলযাত্রার উৎসব শুরু হয়ে যাচ্ছে। সূত্রের খবর, ওই উৎসব মিটলে রাজ্যে আসতে পারে নির্বাচন কমিশনের টিম। তারপরেই ভোট ঘোষণা হতে পারে রাজ্যে। প্রথা অনুযায়ী, কোনও রাজ্যে নির্বাচন হলে তার আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যায় সেখানে। ইতিমধ্যেই তামিলনাড়ু, অসমে ফুল বেঞ্চ গিয়েছে। বাংলায় এখনও SIR শেষ হয়নি। ২৮ ফেব্রুয়ারি SIR চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে। তারপরেই রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি বা ফুল বেঞ্চ আসতে পারে। তাহলে মার্চের মাঝামাঝি ভোট ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।