• স্কুল বাসেই ঘুমে কাদা পাঁচ বছরের শিশু, সাত ঘণ্টা পরে উদ্ধার ডিপো থেকে, নয়ডার স্কুলে চরম গাফিলতির অভিযোগ
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • স্কুল বাসেই (School Bus) ঘুমিয়ে পড়েছিল প্রথম শ্রেণির পড়ুয়া। আর তার জেরে বাসেই আটকে (Child Locked Inside Bus) থাকতে হলো সাত ঘণ্টা। যেন এক দুঃস্বপ্ন। বৃহস্পতিবার নয়ডার (Noida) একটি বেসরকারি স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যাপক ক্ষুব্ধ অভিভাবকরা। তবে আপাতত নিরাপদেই রয়েছে শিশুটি। ঘটনার পরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

    পরিবারের অভিযোগ, সকালে স্কুল। ভোর থেকেই তৈরি হতে হয় ছাত্রছাত্রীদের। ঘুমের রেশ তখনও থাকে। এ দিন বাসের পিছনের সিটে ঘুমিয়ে পড়েছিল ওই শিশু। সব ছাত্রছাত্রীকে স্কুলে পৌঁছে দেওয়ার পরে ২৫ কিলোমিটার দূরের একটি ডিপোতে বাসটি পার্ক করে নেমে যান চালক। সবাই স্কুলে পৌঁছল কি না, তা আর দেখেননি তিনি।

    ঘটনা প্রকাশ্যে আসে দুপুরে। ওই সময়ে ছুটি হয়। ছাত্রকে আনতে স্কুলে গিয়েছিলেন তাঁর মা। তখনই জানতে পারেন, ছেলে অনুপস্থিত। হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্য অভিভাবকদের মধ্যে। শুরু হয় খোঁজাখুঁজি। কিছুক্ষণ পরে ডিপোয় পার্ক করা বাস থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।

    ওই পড়ুয়া তখন কাঁদতে কাঁদতে ক্লান্ত। সাত ঘণ্টা ধরে সাহায্য চেয়ে চিৎকার করেছে সে। কিন্তু কেউ এগিয়ে আসেনি। মা আর স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দেখে ধড়ে প্রাণ ফেরে তার। স্কুল কর্তৃপক্ষ এবং পরিবহণ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন ছাত্রের পরিবার। তাঁদের দাবি, প্রতিটি ট্রিপের পরে ভালো ভাবে বাস পরীক্ষা করাই নিয়ম। কিন্তু তা না করাতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

    স্কুলের তরফে একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, কিছু সমস্যার কারণে শেষ মুহূর্তে বাস বদলানো হয়েছিল। কিন্তু ওই ছাত্র ঘুমিয়ে পড়ায়, পুরোনো বাসেই থেকে যায়। পরিবহণ সংক্রান্ত নিয়মকানুন নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। এমন ঘটনা এড়াতে কড়া নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাসও দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

  • Link to this news (এই সময়)