• রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের বড় চমক! প্রার্থী রাজীব কুমার থেকে কোয়েল মল্লিক, আর কারা পেলেন টিকিট?
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • তৃণমূলের চার প্রার্থীর মধ্যে সবচেয়ে আলোচিত নাম রাজীব কুমার। পশ্চিমবঙ্গ পুলিশের এই প্রাক্তন DGP দীর্ঘকাল রাজ্যের প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

    অন্যদিকে, টলিউডের অন্যতম সফল অভিনেত্রী কোয়েল মল্লিককে প্রার্থী করে বড় চমক দিয়েছে দল। লড়াইয়ে থাকছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গায়ক তথা রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়।

    তালিকায় চতুর্থ নাম মেনকা গুরুস্বামী। তিনি সুপ্রিম কোর্টের একজন অত্যন্ত দক্ষ এবং পরিচিত আইনজীবী। তিনি BJP-র প্রাক্তন স্ট্র্যাটেজিস্ট মোহন গুরুস্বামীর কন্যা। মোহন গুরুস্বামী এক সময়ে প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহার বিশেষ উপদেষ্টা ছিলেন। সম্প্রতি আইপ্যাক মামলায় কলকাতা হাইকোর্টে তাঁকে মমতার হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে।

    নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১৬ মার্চ রাজ্যসভার ভোটগ্রহণ হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোট। ওই দিন সন্ধ্যা ৫টাতেই ভোট গণনা হবে। পশ্চিমবঙ্গের ৫টি আসনের জন্য এই নির্বাচন হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ। প্রত্যাহার করা যাবে ৯ মার্চ পর্যন্ত।

    পশ্চিমবঙ্গ বিধানসভায় বর্তমান বিধায়ক সংখ্যার বিচারে তৃণমূল সহজেই ৪টি আসনেই জিতবে। একটি আসন নিশ্চিত BJP-র। ফলে এই ভোট নিয়ে কোনও উত্তেজনা নেই। তৃণমূলের চার প্রার্থী— বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী এবং কোয়েল মল্লিকের জয় স্রেফ সময়ের অপেক্ষা।

    এ বারের নির্বাচনের ফলে রাজ্যসভায় বাংলার বাম প্রতিনিধিত্ব শেষ হতে চলেছে। CPI(M) নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের মেয়াদ শেষ হচ্ছে ২ এপ্রিল। রাজ্য বিধানসভায় বামেদের কোনও বিধায়ক না থাকায় এই আসনটি BJP-র হাতে চলে যাচ্ছে। এর ফলে দীর্ঘ কয়েক দশক পরে বাংলা থেকে কোনও বাম সাংসদ রাজ্যসভায় থাকছেন না। এই আসনে BJP কাকে প্রার্থী করে, সেটাই এখন দেখার।

    ২ এপ্রিল বিকাশরঞ্জন ভট্টাচার্য ছাড়াও মেয়াদ শেষ হচ্ছে সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং মৌসম নূরের। মৌসম অবশ্য তৃণমূল ছাড়ার পরেই রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন।

  • Link to this news (এই সময়)