• কর্মীদের কাজ কেড়ে নিতেই ধর্না, পাশে বিধায়ক
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • মিল্টন সেন, হুগলি: কর্মীদের কাজ কেড়ে নিতেই ধর্না, ঠিকা শ্রমিকদের পাশে বসলেন বিধায়ক।  চুঁচুড়া হাসপাতালের পাঁচজন ঠিকা শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। এর প্রতিবাদে ধর্না অবস্থান শুরু করেছিলেন ঠিকা শ্রমিকরা। সেই শ্রমিকদের পাশে বসে সহমর্মিতা জানালেন বিধায়ক থেকে হাসপাতাল সুপার। গতকাল থেকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে কর্মীরা ধর্না অবস্থান  শুরু করেছিলেন।

    পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে হবে এই যুক্তি দেখিয়ে কাজ থেকে বসানো হয়েছিল ৫ ঠিকা শ্রমিককে।আরো ৫৩ জনকে নোটিশ ধরানো হয়েছিল। ঠিকাদার বদল হলেও হাসপাতালের শ্রমিকরা কেউ দশ বছর কেউ কুড়ি বছর কাজ করছেন। তাই তাঁদের এভাবে কাজ কেড়ে নেওয়া মেনে নিতে পারেননি সহকর্মীরা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার শ্রমিকদের পাশে দাঁড়ান। স্বাস্থ্য আধিকারিককে চিঠি দেন, যে ঠিকাদারি সংস্থা হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগ করেছে সেই সংস্থাকে বদল করার জন্য।ঠিকাদার সংস্থা কেও হুঁশিয়ারি দেওয়া হয়। এরপরই জানা যায় ওই পাঁচ শ্রমিকের সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। শ্রমিকদের পাশে বসে বিধায়ক অসিত মজুমদার তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তীরা জানান, তাঁরা শ্রমিকদের পাশে আছেন কোন ঠিকাদারি সংস্থার অন্যায় আবদার মেনে নেওয়া হবে না।

    চুঁচুড়া হাসপাতালে সুপার অমিতাভ মণ্ডল এবং অ্যাসিস্ট্যান্ট সুপার মৃন্ময় চক্রবর্তীকেও দেখা যায় শ্রমিকদের পাশে অবস্থানে বসে থাকতে।মৃন্ময় চক্রবর্তী জানান, 'আরজি করের ঘটনার পর স্বাস্থ্য দপ্তর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি করেছে। তা যদি লাগে সেটা ঠিকাদারি সংস্থার কাছে আমরা চাইব। তারা কোনও শ্রমিকের থেকে এটা বাধ্যতামূলকভাবে চাইতে পারে না।' তিনি বলেন, 'শ্রমিকরা হাসপাতালের জন্য অনেক কিছু করে দিন রাত পরিষেবা দেয়। তাদের বিরুদ্ধে অন্যায় মেনে নেওয়া হবে না।' আগামী পাঁচ তারিখ এই বিষয়ে বৈঠক হবে। শেষ পাওয়া খবর অনুযায়ী, শ্রমিকরা ধর্না তুলে নিয়েছেন। 
  • Link to this news (আজকাল)