রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর শোনাল নবান্ন। ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য অ্যাড-হক বোনাস (Ad-hoc Bonus) প্রদানের নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর । শুক্রবার, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বছর বোনাসের পরিমাণ এবং যোগ্যতার মাপকাঠি— দুই-ই বৃদ্ধি করা হয়েছে। উৎসবের মরশুমের আগেই এই অতিরিক্ত টাকা হাতে পাবেন রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীরা।
যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী কোনও ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম’-এর আওতায় নেই, তাঁরাই এই বোনাস পাবেন।
২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বোনাস নির্ধারণ করা হয়েছে মাথা পিছু ৭,৪০০ টাকা।
৩১ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত যে সমস্ত কর্মীর মাসিক বেতন (Emoluments) ৪৬,০০০ টাকা বা তার কম, তাঁরা এই বোনাস পাবেন।
২০২৫-২০২৬ অর্থবর্ষে অন্তত ৬ মাস টানা কাজ করেছেন, এমন কর্মীরাই বোনাস পাবেন। যাঁদের বেতন বর্তমানে ৪৬,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে, কিন্তু বছরের অন্তত ৬ মাস তাঁদের বেতন এই সীমার নীচেই ছিল, তাঁরাও বোনাসের সম্পূর্ণ ৭,৪০০ টাকাই পাবেন।
ক্যাজুয়াল স্টাফ বা অস্থায়ী কর্মী, যাঁরা বছরে অন্তত ১২০ দিন কাজ করেছেন, তাঁরাও আনুপাতিক হারে বোনাস পাবেন।
যাঁরা ২০২৫-২০২৬ অর্থবর্ষে ৬ মাস থেকে ১ বছরের কম সময় কাজ করেছেন (বছরের মাঝে চাকরিতে যোগ দিয়েছেন বা অবসর নিয়েছেন), তাঁরা সম্পূর্ণ ৭,৪০০ টাকা না পেলেও আনুপাতিক হারে (Pro-rata) বোনাস পাবেন।
(৩১শে মার্চ ২০২৬-এর বেতন / ১২) x কাজের মাস সংখ্যা। এক্ষেত্রে ১৫ দিনের বেশি কাজ করলে তাকে পূর্ণ মাস হিসেবে ধরা হবে।
গত অর্থবর্ষের তুলনায় এ বছর বোনাসের অঙ্ক এবং বেতনের ঊর্ধ্বসীমা, দুই-ই বাড়িয়েছে রাজ্য সরকার।
গত বছর অ্যাড-হক বোনাসের পরিমাণ ছিল ৬,৮০০ টাকা। অর্থাৎ এ বছর মাথা পিছু ৬০০ টাকা করে বোনাস বেড়েছে।
গত বছর যে সমস্ত কর্মীর মার্চ মাসের বেতন ৪৪,০০০ টাকার নীচে ছিল, তাঁরা বোনাস পেয়েছিলেন। এ বছর সেই সীমা ২,০০০ টাকা বাড়িয়ে ৪৬,০০০ টাকা করা হয়েছে।
গত বছর অ্যাড-হক বোনাসের পাশাপাশি সরকার ৫২,০০০ টাকা পর্যন্ত বেতনভুকদের জন্য ২০,০০০ টাকার সুদবিহীন ‘উৎসব অগ্রিম’ (Interest-free advance) এবং পেনশনভোগীদের জন্য ৩,৫০০ টাকার ‘এক্স-গ্রাসিয়া’ ঘোষণা করেছিল। চলতি অর্থবর্ষের (২০২৫-২৬) জন্য অ্যাড-হক বোনাস ঘোষণা হলেও, উৎসব অগ্রিম এবং এক্স-গ্রাসিয়ার বিষয়েও সরকার শীঘ্রই আলাদা নির্দেশিকা জারি করবে বলে আশা করা হচ্ছে।
রাজ্য সরকার বিভিন্ন সম্প্রদায়ের উৎসবের কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন সময়ে এই বোনাস প্রদানের সিদ্ধান্ত নিয়েছে:
আসন্ন ইদ-উল-ফিতর উৎসবের আগেই এই বোনাসের টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে বোনাস প্রদান করা হবে। (গত বছর এই বোনাস দেওয়া হয়েছিল ১৫ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে)।