বালি বোঝাই ট্রাক্টরকে ধাক্কা মেরে জমিতে গিয়ে পড়ল খড়গপুরগামী (Kharagpur) একটি ট্যাঙ্কার। শুক্রবার রাত্রি ১০টা নাগাদ ভয়াবহ এই পথ-দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের বেলদা (West Midnapore, Belda) এলাকায় ১৬ জাতীয় সড়কের (NH 16) উপর। ঘটনায় গুরুতর জখম হন ট্রাক্টরের চালক এবং ট্যাঙ্কারের চালক দু'জনই। তবে, ট্যাঙ্কারের চালকের আঘাত অপেক্ষাকৃত গুরুতর বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দু’জনকেই উদ্ধার করে পাঠানো হয়েছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন তাঁরা। দুর্ঘটনার পরে বেশ কিছুক্ষণ ট্যাঙ্কারের চালক গাড়ির মধ্যেই আটকে ছিলেন। ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয় চালককে। তবে, ট্যাঙ্কারটিকে উদ্ধার করা যায়নি গভীর রাত অবধি। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যানজটের (Traffic Jam) সৃষ্টি হয় জাতীয় সড়কে। পরে বেলদা থানার পুলিশের হস্তক্ষেপে এলাকা যানজট মুক্ত হয়।
কী ভাবে ঘটল দুর্ঘটনাটি, তা এখনও জানা যায়নি। বেপরোয়া ড্রাইভিং নাকি ট্যাঙ্কারটির ব্রেক ফেল হওয়ায় এই দুর্ঘটনা (Road Accident) তা খতিয়ে দেখছে পুলিশ। রাতের বদলে দিনের বেলা দুর্ঘটনাটি ঘটলে আরও বেশি মানুষের প্রাণের আশঙ্কা তৈরি হতো বলে বলছেন স্থানীয়রা।