• ১০৫ একর জমি হস্তান্তরের প্রস্তাব পেশ হবে মন্ত্রিসভায়, অনুমোদন দিল মন্ত্রিগোষ্ঠী
    বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সীমান্তে কাঁটাতার দেওয়া এবং বিএসএফের বর্ডার আউটপোষ্ট তৈরির জন্য প্রায় ১০৫ একর জমি হস্তান্তরের বিষয়টি মন্ত্রিসভায় পাঠানোর অনুমোদন দিল মন্ত্রিগোষ্ঠী। বিএসএফ, এসএসবি সহ যে কোনো কেন্দ্রীয় সংস্থাকে জমি দেওয়ার বিষয়টি পর্যালোচনার জন্য পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস এবং ভূমিসংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে একটি মন্ত্রিগোষ্ঠী গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভায় ছাড়পত্রের জন্য যাওয়ার আগে কেন্দ্রীয় সংস্থার প্রস্তাব খতিয়ে দেখে এই মন্ত্রিগোষ্ঠী। নবান্নে শুক্রবার ছিল এই মন্ত্রিগোষ্ঠীর প্রথম বৈঠক।

    সূত্রের খবর, ১৭ কিলোমিটার সীমান্ত বরাবর কাঁটাতার দিতে প্রয়োজন ৬৭ একর জমি। ন’টি বর্ডার আউটপোস্টের জন্য প্রয়োজন আরও ১৮ একর। এই জমি মালিকদের থেকে কিনে বিএসএফের হাতে তুলে দেবে জেলা প্রশাসন। তবে তার আগে অনেকগুলি প্রশাসনিক ধাপ রয়েছে। প্রথম ধাপ ছিল মন্ত্রিগোষ্ঠীর অনুমোদন। সেই অনুমোদন পেয়ে যাওয়ায় প্রস্তাব পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর দপ্তরে। মন্ত্রিসভা অনুমোদন দিলে জমি মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে জমি কেনার কাজে এগবে জেলা প্রশাসন। একইভাবে সীমান্তবর্তী ন’টি এলাকায় রাজ্যের অধীনে থাকা প্রায় ২৫ একর জমি হস্তান্তরের প্রস্তাবও মন্ত্রিসভায় পেশ করার অনুমোদন দিয়েছে মন্ত্রিগোষ্ঠী। ১০টি ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের জন্য জমি হস্তান্তরের বিষয়টি পরবর্তী বৈঠকে আলোচিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

    সূত্রের খবর, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য এখনো পর্যন্ত ১৪৬৩ একর জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যা ব্যবহার করে ২৫৭ কিলোমিটার সীমান্ত বরাবর কাঁটাতার দেওয়া সম্ভব হবে। কেন্দ্রের প্রস্তাব পেয়েই এই অনুমোদন দেওয়া হয়েছে। এপর্যন্ত মাত্র ১২৬৯ একর জমি কেনার অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র।
  • Link to this news (বর্তমান)