• নামের বানান ভুল লিখলেন তৃণমূলের ৩ বিধায়ক!
    বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যসভার প্রার্থীর জন্য প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করতে গিয়ে নিজের নামের বানানই ভুল লিখলেন তৃণমূলের তিন বিধায়ক। তাঁদের আরও সতর্ক ও সচেতন হওয়া উচিত ছিল বলে মনে করেন তৃণমূলের বর্ষীয়ান বিধায়করা। আগামী ১৬ মার্চ রাজ্যসভার পাঁচটি আসনে নির্বাচন হবে। বিধায়ক সংখ্যার নিরিখে তৃণমূলের চার প্রার্থীর জয় নিশ্চিত। প্রার্থীদের মনোনয়নপত্র সংক্রান্ত কাগজপত্র তৈরির কাজ চলছে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের ঘরে। বিধায়করা এসে মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে সই করছেন। সেই সই করতে গিয়েই নিজের নামের বানান ভুল লিখে ফেললেন তৃণমূলের তিন বিধায়ক। দু’জন বিধায়ক উত্তর ২৪ পরগনা জেলার। একজন হাওড়ার। এঁদের মধ্যে দু’জন নামের পুরো বানান লিখতে গিয়ে অক্ষরে গন্ডগোল করে ফেলেছেন। আরেকজন পদবিতে অক্ষর ভুল করেছেন। বিধায়কদের এহেন ‘ভুল’ মার্জনা করছেন না বর্ষীয়ান তৃণমূল বিধায়করা। তাঁদের বক্তব্য, রাজ্যসভার মনোনয়নপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সামান্যতম ভুল-ত্রুটি হওয়া বাঞ্ছনীয় নয়। কিন্তু তিন বিধায়ক যদি নিজের নাম-পদবি লিখতেই ভুল করে ফেলেন, সেটা কাম্য নয়। ভাগ্যিস ওই ভুলটি প্রস্তাবক ফর্মে হয়েছে। মূল ফর্মে সেই ভুল হলে কেলেঙ্কারি হয়ে যেত!
  • Link to this news (বর্তমান)