• SSKM হাসপাতাল থেকে চুরি লক্ষাধিক টাকার মেডিক্যাল সরঞ্জাম, গ্রেপ্তার ১
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়: এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট থেকে চুরি গেল কয়েক লক্ষ টাকার মেডিক্যাল সরঞ্জাম। ঘটনার চার দিনের মাথায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত প্রণব হালদার একটি অর্থোপেডিক ইমপ্লান্ট সরবরাহকারী সংস্থার প্রাক্তন কর্মী। ওই কোম্পানির পরিচয়পত্র দেখিয়েই হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ঢুকে চুরি করেন।

    এর আগেও ওই যুবক এমন ঘটনা ঘটিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে ভবানীপুর থানার পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, গত সোমবার সকাল আটটা নাগাদ দায়িত্বপ্রাপ্ত নার্স লক্ষ্য করেন অর্থোপেডিক ইমপ্লান্ট–সহ বেশ কিছু জিনিস চুরি গিয়েছে। এখনও উদ্ধার হয়নি সেই সব সরঞ্জাম।

    পুলিশ সূত্রে খবর, হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দা অভিযুক্ত প্রণবকে শনাক্ত করেন তদন্তকারীরা। জানা যায়, ওই ব্যক্তি হাসপাতালের কেউ নন। তবে, হাসপাতাল কর্মীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আগে অর্থোপেডিক ইমপ্লান্ট সরবরাহকারী সংস্থার কর্মী হিসেবে হাসপাতালে যাতায়াত করতেন। তদন্তকারীদের ওই কোম্পানি জানায়, ওই যুবক আর তাদের সংস্থায় কাজ করেন না। যদিও পুলিশের দাবি, ঘটনার দিন ওই কোম্পানির পরিচয়পত্র দেখিয়েই হাসপাতালে ঢুকেছিলেন প্রণব।

  • Link to this news (এই সময়)