সেমিকন্ডাক্টর দুনিয়ায় বড় পদক্ষেপ ভারতের। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সানন্দে ‘মাইক্রন সেমিকন্ডাক্টর টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্ট এবং প্যাকেজিং (ATMP) ফেসিলিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের সঙ্গে এ দিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণও দেবেন বলে সূত্রের খবর।
নিজেকে ‘শান্তিপ্রিয়’ দাবি করে একাধিক যুদ্ধ থামানোর কৃতিত্ব নিলেও, আফগানিস্তান ও পাকিস্তানের লড়াইয়ে নাক গলাতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক হামলা নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না। উল্টে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের দরাজ প্রশংসা শোনা যায় তাঁর কণ্ঠে। ট্রাম্প তাঁদের দুজনকে ‘মহান’ বলে অভিহিত করেন।
উত্তরপ্রদেশের মৈনপুরীতে শনিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এ দিন সকাল ৬টা নাগাদ সেখানকার একটি বাড়ির নীচের তলায় হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি ই-রিকশা এজেন্সি, ক্লিনিক এবং একটি গুদামে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। সস্তির খবর, ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
কেরালার কোঝিকোডে দুর্ঘটনায় মৃত ৪। গুরুতর জখম একজন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোর তিনটে নাগাদ কোঝিকোডের নাল্লাম মডার্ন বাজারে দুর্ঘটনা ঘটে। মোবাইল টাওয়ার মেরামতির কাজ সেরে কয়েকজন একটি গাড়িতে চেপে ফিরছিলেন। মডার্ন বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গাড়িটি ধাক্কা মারে। এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং গাড়িতে থাকা পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন।
ব্যাডমিন্টন থেকে আনুষ্ঠানিক ভাবে অবসর নিচ্ছেন অলিম্পিকজয়ী সাইনা নেহওয়াল। হাঁটুর পুরোনো চোট ও আর্থ্রাইটিসের সমস্যার কারণেই তিনি সরে খেলার মাঠ থেকে সরে দঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে অবসর নিলেও এখনই কোচিং শুরু করার কোনও পরিকল্পনা তাঁর নেই। সাইনা জানিয়েছেন, কোচিংয়ে আসার কথা তিনি হয়তো দুই-তিন বছর পর ভাববেন। আপাতত তরুণ খেলোয়াড়দের পরামর্শ দেওয়া এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েই সময় কাটাতে চান ভারতের এই কিংবদন্তি খেলোয়ার।
যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিবকে শনিবার জামিন দিল দিল্লির আদালত। দিল্লিতে AI ইমপ্যাক্ট সম্মেলন চলার সময়ে ভারত মণ্ডপমে জামা খুলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগে ২৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় উদয়ভানুকে। তাঁর আইনজীবী সুলেউমান মহম্মদ খান জানিয়েছেন, দিল্লির ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা উদয়ভানুকে আরও কয়েকদিন নিজেদের হেফাজতে রেখে জেরা করার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু কী কারণে ফের তাঁকে জেরা করা দরকার, তার উপযুক্তি যুক্তি দিতে পারেননি তদন্তকারীরা। সেই কারণে আদালত উদয়ভানুর জামিনের আর্জি মঞ্জুর করেছে। তবে আদালতের শর্ত হলো, যুব কংগ্রেস সভাপতিকে তাঁর পাসপোর্ট ও ইলেকট্রনিক গ্যাজেট জমা রাখতে হবে।
পিলখানায় প্রোমোটার হত্যাকাণ্ডে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ধৃত মহম্মদ ওয়াকিলের বউবাজারের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে সেগুলি উদ্ধার করেছে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি প্রোমোটার সফিক খানের উপর গুলি চালানোর পরে মূল দুই অভিযুক্ত নিজের বাড়িতেই অস্ত্র লুকিয়ে রেখেছিল। পুলিশের অনুমান, মূল দুই অভিযুক্ত ভিন রাজ্যে চম্পট দিয়েছে।
আজ, শনিবার দুপুরে রাজ্যে SIR-র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, কমপক্ষে ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম প্রকাশ করা হবে। এখন রাজ্যের নজর ভোটার তালিকায় কার নাম রয়েছে, আর কার নাম নেই।