• ছাত্রাবাসে ঢুকে মোবাইল ফোন, মানিব্যাগ চুরি, আটক মহিলা
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, ঘাটাল: ভরদুপুরে ছাত্রাবাসে ঢুকে মোবাইল ফোন, মানিব্যাগ চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল এক মহিলা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে ঘাটাল থানার কুশপাতা এলাকার একটি ছাত্রাবাসে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রাবাস থেকে এক অপরিচিত মহিলাকে বের হতে দেখে সন্দেহ হয় স্থানীয় কয়েক জনের। তাঁরাই মহিলাকে আটকে রেখে ছাত্রাবাসের লোকজন ও অন্যদের খবর দেন। নিমেষে এলাকায় ভিড় জমে যায়। মহিলার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে উদ্ধার হয় বিশ্বজিৎ রানা নামে ছাত্রাবাসের এক আবাসিকের মোবাইল ফোন, মানিব্যাগ ও বিভিন্ন নথিপত্র-সহ একটি কালো ফাইল। মহিলাকে আটকে রেখে খবর দেওয়া হয় ঘাটাল থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

    বিশ্বজিৎ বলেন, 'দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দরজা ভেজিয়ে রেখে পাশের ঘরে গিয়েছিলাম। হঠাৎ বাইরে চিৎকার চেঁচামেচি শুনে এসে দেখি এই কান্ড। এ ভাবে ছাত্রাবাসে ঢুকে চুরি ঘটনায় আমরা চিন্তিত। পুলিশ জানিয়েছে, মহিলার সঙ্গে একজন নাবালিকা ও একটি শিশুও ছিল। সবাইকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)