• চা শ্রমিকদের পিষে দিল গাড়ি!‌ মৃত চার
    আজকাল | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কাজে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটল আলিপুরদুয়ার জেলার হাসিমারা এশিয়ান হাইওয়েতে। গাড়ির ধাক্কায় মৃত্যু হল চার মহিলা চা শ্রমিকের। আহত একাধিক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

    জানা গেছে, শনিবার সাতসকালে হাসিমারা–জয়গাঁ এশিয়ান হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কালচিনি ব্লকের বন্ধ ভার্নাবাড়ি চা বাগানের বেশ কয়েকজন মহিলা শ্রমিক সাইকেল ও হাটাপথে অন্য চা বাগানে কাজ করতে যাচ্ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ওই এলাকাতেই থাকেন তাঁরা। প্রত্যেকেই চা বাগানের শ্রমিক। আগে তাঁরা ভার্নাবাড়ি চা বাগানের শ্রমিক ছিলেন। ওই চা বাগান বন্ধ হয়ে যায়। এরপর পাশেরই বিচ চায়ের বাগানে তাঁরা কাজ পেয়েছিলেন।

    প্রতিদিনই সকালে সাইকেল করে এশিয়ান হাইওয়ে ধরে তাঁরা কাজে যান। কাজ শেষে ওই রাস্তা ধরেই তাঁরা বাড়ি ফিরে আসেন।এদিনও সকালে সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন তাঁরা। জয়গাঁ এশিয়ান হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে একটি গাড়ি যাচ্ছিল। সাইকেলের পিছনে গাড়িটি ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন শ্রমিকরা। সেসময় গাড়ির চাকা তাঁদের পিষে দিয়ে যায়। ঘটনা দেখে ছুটে যান স্থানীয়রা। রক্তাক্ত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয়রাই এলাকার লতাবাড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিন জনের শারীরিক অবস্থা গুরুতর। তাঁদের আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখানেই তাঁরা ভর্তি রয়েছেন। মৃতদের মধ্যে আছেন পুষ্পা দর্জি, বেরথা খরিয়া, রজনী বারলা ও আগস্টিনা মন্ডা। এই ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

    ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার আকস্মিকতায় শোকের ছায়া এলাকায়। কান্নার রোল উঠেছে শ্রমিকদের পরিবারে।

     
  • Link to this news (আজকাল)