হরিশ্চন্দ্রপুরে ছেলেধরার ভয়ে স্কুলে যাচ্ছে না ছাত্রছাত্রীরা, সচেতন করছেন শিক্ষকরা
বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুরে ছড়িয়েছে ছেলেধরা আতঙ্ক। ভয়ে পড়ুয়ারা স্কুল যেতে চাইছে না। বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতনতার বার্তা দিলেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা চক্রের কাপাইচণ্ডী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ঠিক সময়ে শিশুদের স্কুলে পৌঁছে দেওয়া এবং ছুটির পর স্কুল থেকে নিয়ে আসার পরামর্শ দেন তাঁরা।
স্কুলের প্রধান শিক্ষক মইনুল হক বলেন, চারজন স্থায়ী ও তিনজন আংশিক শিক্ষক রয়েছে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২০৪ জন পড়ুয়া। স্কুলে বাউন্ডারি ওয়াল নেই। এই এলাকায় ছেলে ধরার গুজব ছড়িয়েছে। আতঙ্কে স্কুলে অনেক পড়ুয়া আসছে না। অভিভাবকদের মিটিংয়ে ডাকলেও উপস্থিত হন না। তাই বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করা ও শিশুদের স্কুল পাঠানোর আবেদন জানাতে এই কর্মসূচি। তুলসীহাটা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তৌফিক আহমেদ শিক্ষকদের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসি অনুপ ঘোষ বলেন, ছেলেধরার গুজব ছড়িয়েছে। তবে, পুলিশের নজরদারি ও টহল চলছে।