• টিকিট কাটার ঝামেলা এড়াতে মেট্রোর মতো স্মার্টকার্ড চালু করল এনবিএসটিসি
    বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, দেওয়ানহাট: যাত্রীদের টিকিট কাটার ঝামেলা এড়াতে এবার মেট্রোর মতো স্মার্টকার্ড চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)। এর ফলে বাসে ওঠার আগে কিংবা বাসে উঠে আর টিকিট কাটার কোনও ঝামেলা থাকবে না। সংস্থা থেকে একবার স্মার্টকার্ড নিলেই সংস্থার যে কোনো বাসে চলাচল করতে পারবেন যাত্রীরা। শুক্রবার কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি স্মার্টকার্ড পরিষেবার সূচনা করেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই সহ অন্যান্য আধিকারিকরা।

    এদিন কোচবিহারে একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে পাঁচ জনের হাতে স্মার্টকার্ড দেওয়া হয়। এই কার্ডে ন্যূনতম ৩০০ টাকা রিচার্জ করতে হবে। সঙ্গে থাকছে বোনাস ও ডিসকাউন্ট। তারপর মেট্রো পরিষেবার মতো করে এনবিএসটিসি’র বাসেও এই পরিষেবা উপভোগ করতে পারবেন যাত্রীরা। এই উদ্যোগে যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে বলেই আশাবাদী নিগম কর্তৃপক্ষ। নিগম সূত্রে জানা গিয়েছে, ৩০০ টাকা রিচার্জ করলে ১০ শতাংশ বোনাস পাওয়া যাবে। ৬০০ টাকা রিচার্জ করলে মিলবে ৬৯০ টাকা।

    অন্যদিকে, সংস্থার বাসের সংখ্যা বাড়াতে আরো ৪০ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে নতুন ৯৩টি সিএনজি বাস কেনা হচ্ছে। ইতিমধ্যেই এজন্য টেন্ডারও হয়ে গিয়েছে। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এদিন কোচবিহারে পরিবহণ ভবনে সাংবাদিক বৈঠক করে বলেন, যাত্রীদের সুবিধার জন্য এদিন থেকে আমাদের স্মার্টকার্ড চালু পরিষেবা চালু করা হল। যাত্রীরা এই স্মার্টকার্ড নিলে তাঁদের টিকিট কাটতে হবে না। ওই কার্ড থাকলে সংস্থার যে কোনো বাসে নির্দিষ্ট মূল্য দিয়ে ভ্রমণ করতে পারবেন। নির্দিষ্ট অর্থ স্মার্টকার্ড থেকে কাটা হবে। এই কার্ডের জন্য যাত্রীদের একটি ফর্ম ফিলআপ করতে হবে। প্রতিটি ডিপোতেই এই ফর্ম দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)