সংবাদদাতা, বালুরঘাট: নির্দিষ্ট জায়গার পরিবর্তে রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেললেই এবার মোটা অংকের জরিমানা। বালুরঘাট শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার কড়া পদক্ষেপ পুরসভার। শুক্রবার এমসিআইসি মহেশ পারখ এবং পুরকর্মীদের নিয়ে শহরের সাড়ে তিন নম্বর মোড় এলাকায় সাফাই অভিযানে নেমে এমনই সিদ্ধান্তের কথা জানালেন পুর চেয়ারম্যান সুরজিত্ সাহা। পাশাপাশি এলাকায় সাইন বোর্ডও লাগিয়ে দেওয়া হয়। আবর্জনার গাড়ি ও ডাস্টবিনের বাইরে রাস্তায় ময়লা, আবর্জনা ফেললেই এবার এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। শুধু ঘোষণা আর বোর্ডই টাঙিয়ে দেওয়া নয়, বাজার এলাকায় বসানো হচ্ছে সিসি ক্যামেরা। কেউ ময়লা ফেললে যাতে সিসি ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করা যায়। পুরসভার সূত্রে খবর, শহরের প্রত্যেকটি ওয়ার্ডে প্রায় কুড়িটি করে সিসি ক্যামেরা বসানো হবে। শহরকে পরিষ্কার রাখতে ইতিমধ্যে বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত পাশ হয়েছে।
পুরসভার চেয়ারম্যান সুরজিৎ শুক্রবার বলেন, বাজারের ওই এলাকাতে রাতে কেউ বা কারা আবর্জনা ফেলছে। আজ ওই জায়গাটি পরিষ্কার করে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এবার থেকে সেখানে কেউ আবর্জনা ফেললে ১ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। আগামীতে শহরের অনেক জায়গায় সিসি ক্যামেরা বসবে। যার মাধ্যমে নজরদারি চলবে।
বালুরঘাট শহরে ২৫ টি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ডে প্রত্যেকদিন সকালে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করতে গাড়ি যায়। ওয়ার্ড থেকে আবর্জনা সংগ্রহ করে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যায় ওই গাড়িগুলি। এছাড়াও নির্মল সাথী এবং নির্মল বন্ধুরা শহর পরিষ্কারের কাজে রয়েছেন।
কিন্তু এরপরেও দেখা যায়, শহরের অনেক জায়গায়, রাস্তায় আবর্জনা ফেলছেন অনেকে। এনিয়ে পুরসভা একাধিকবার প্রচার চালিয়েছে। তারপরও হুঁশ ফেরেনি শহরবাসীর একাংশের। তাই এবার জরিমানা চালু করল পুরসভা।
এ বিষয়ে বালুরঘাট শহরের বাজার এলাকার ব্যবসায়ী মুকুল সরকার বলেন, দুধ বাজারের ওখানে বেশিরভাগ সময় আবর্জনা পড়ে থাকে। পাশাপাশি শহরের অনেক জায়গাতেই আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। জরিমানা না করা পর্যন্ত মানুষ সচেতন হবে না।