সংবাদদাতা, বোলপুর: এসআইআর-এর চূড়ান্ত তালিকায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন-এর নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে তালিকায় তাঁকে ‘প্রবাসী ভারতীয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে এসআইআর প্রক্রিয়ার শুনানি নোটিশ অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছে দিয়েছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা শান্তিনিকেতনে তাঁর ‘প্রতীচী’ বাড়িতে গিয়ে শুনানির কাজ সম্পন্ন করেন।
জানা যায়, ওই সময় আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় ২০০২ সালের ভোটার তালিকার নথি, অমর্ত্য সেনের পাসপোর্ট, আধার কার্ড এবং তাঁর মা প্রয়াত অমিতা সেনের মৃত্যুর শংসাপত্র-সহ একাধিক প্রাসঙ্গিক নথি। এরপরও এসআইআর-এর চূড়ান্ত তালিকায় অমর্ত্য সেনের নাম থাকবে কি না তা নিয়ে ‘প্রতীচী’ বাড়ির সদস্য ও তাঁর আত্মীয়দের মধ্যে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছিল। তবে এদিন প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়ায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ মহলে অনেকটাই স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।