একাধিক দাবি, রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ আদিবাসী সংগঠনের
বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়া জেলার সাঁওতালি মাধ্যমের প্রাথমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে কর্মরত স্বেচ্ছাসেবক শিক্ষক-শিক্ষিকাদের পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করতে হবে। পাশাপাশি পৃথক সাঁওতালি বোর্ডও গঠন করতে হবে। এই দাবিতে আজ, শনিবার সকাল ৬টা থেকে কয়েকটি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করা হয়েছে।
সাঁতুড়ি থানার বেনাগড়িয়া মোড়ে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করা হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে অকুস্থলে যায় পুলিশ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনার জেরে ওই রাজ্য সড়কে যাতায়াতকারীদের গাড়িগুলিতে ঘুরপথে পাঠানো হচ্ছে।