• বেলেঘাটায় কেপমারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুই
    বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটার মুন্সিবাজারে কেপমারির ঘটনায় জড়িত অভিযোগে শুক্রবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। ধৃতরা হল এবাদুল গাজি এবং চন্দন সাউ। তবে খোয়া যাওয়া সোনার বালা এখনও উদ্ধার হয়নি। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। কেপমারির ঘটনাটি গত ১৯ ফেব্রুয়ারির।

    প্রাথমিক তদন্তের ভিত্তিতে গোয়েন্দাদের দাবি, মুন্সিবাজারে রাস্তায় এক বয়স্ক মহিলার সঙ্গে প্রথমে আলাপ জমায় এবাদুল। কথাচ্ছলে সে তাঁকে বলে, বেলেঘাটার এক ধনী মাড়োয়ারি গরিব মানুষকে টাকা-পয়সা এবং জামাকাপড় দিয়ে সাহায্য করছেন। তিনি তার বিশেষ পরিচিত। তাই সে মহিলাকে সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবে। এবাদুলের কথা বিশ্বাস করেন মহিলা। কিছুটা রাস্তা যাওয়ার পর এবাদুল মহিলার হাতে থাকা সোনার বালা দেখিয়ে বলে, হাতে সোনার বালা থাকায় তাঁকে মোটেও গরিব বলে মনে হচ্ছে না! তাই বালা দুটো খুলে তাকে দিতে বলে। সাহায্য নেওয়ার পর তা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয়। বালা হাতে পাওয়ার পর এক গলির মুখে মহিলাকে দাঁড় করিয়ে রেখে উধাও হয়ে যায় এবাদুল।

    প্রতারিত মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন এন্টালি থানায়। তদন্তে নেমে মহিলার বয়ান, সিসিটিভি ফুটেজ এবং গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দারা প্রথমে এবাদুলকে গ্রেপ্তার করেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে লালবাজার পরে এন্টালি থানা এলাকা থেকে চন্দন সাউকে গ্রেপ্তার করে। ধৃত দু’জনকে আজ শনিবার আদালতে তোলার কথা রয়েছে।
  • Link to this news (বর্তমান)