• কেন্দ্রীয় বাহিনী বাবদ খরচ বাড়ছে রাজ্যের, গত লোকসভার চেয়েও ২০০ কোটি বেশি
    বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচন ঘোষণার অনেক আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। এসআইআরের প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ হবে শনিবার। আর সেদিনই রাজ্যে পা রাখছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের এতদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনী এসে যাওয়ায় রাজ্যের কোষাগার থেকে অতিরিক্ত প্রায় ২০০ কোটি টাকা খরচ হবে বলেই নবান্নের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে।

    প্রশাসন সূত্রের খবর, গত লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকার পর্যাপ্ত পরিকাঠামো গড়তে খরচ হয়েছিল ১০৮৬ কোটি ৩৯ লক্ষ টাকা। এই খরচ নির্ভর করে ভোটের দফাসংখ্যার উপর। তবে এবার এতদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ায় এই বাবদ খরচ লোকসভা নির্বাচনকে টপকে যাবে। অতিরিক্ত প্রয়োজন পড়বে ২০০ কোটি টাকা। মনে করছেন নবান্নের কর্তাব্যক্তিরা।

    এক আধিকারিক জানান, এবার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সম্পূর্ণ খরচই রাজ্যের। কারণ, শুধুমাত্র লোকসভা ও বিধানসভা নির্বাচন একত্রে হলে তার ৫০ শতাংশ অর্থ কেন্দ্র বহন করে। ফলে এক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই খরচের পুরোটাই রাজ্যকে বহন করতে হবে। যখন বাংলার ২ লক্ষ কোটি টাকার ন্যায্য প্রাপ্য কেন্দ্র আটকে রেখেছে, তখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে রাজ্যের আর্থিক সমস্যার বিষয়টিও।

    কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের বিভিন্ন স্কুলে রাখার ব্যবস্থার দায়িত্বে থাকে পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তর। পুলিশের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করা হয়। যেহেতু খুব কম সময়ের নোটিসে কেন্দ্রীয় বাহিনী আসছে, সেই কারণে পরিকাঠামো গড়তে হবে দ্রুত গতিতে। তাই এই দুই দপ্তরকে স্পট কোটেশন বা শর্ট টেন্ডার ডেকে এই কাজ করারও অনুমোদিত দিচ্ছে রাজ্য অর্থদপ্তর। সেক্ষেত্রে দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ করার দীর্ঘ অপেক্ষার প্রয়োজন পড়বে না।
  • Link to this news (বর্তমান)