• পরীক্ষা শেষ হতেই সরানো হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে!
    বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হতেই সরিয়ে দেওয়া হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যকে। ২ মার্চ থেকে নতুন দায়িত্বে আসতে চলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার। এই নির্দেশটি ২৩ ফেব্রুয়ারি সই করা হলেও এদিনই তা প্রকাশ্যে আনা হয়েছে। ঘটনার আকস্মিকতায় শুক্রবার ডাকা পরীক্ষা শেষের সাংবাদিক বৈঠকও বাতিল করেন চিরঞ্জীববাবু। স্বাভাবিকভাবেই তিনিও এই সিদ্ধান্তের কথা জানতেন না। এদিন এ নিয়ে আক্ষেপ এবং অভিমান ঝরে পড়ে তাঁর গলায়।

    এ নিয়ে প্রশ্ন করা হলে চিরঞ্জীববাবু বলেন, বিষয়টি তো জানতামই না। বরং ভেবেছিলাম, দেশের মধ্যে প্রথম স্কুল বোর্ড হিসেবে সেমেস্টার পদ্ধতিতে সফলভাবে পরীক্ষা শেষ করার জন্য সরকারের কাছ থেকে ধন্যবাদ বার্তা পাব। তার পরিবর্তে এই বার্তা পেয়েছি! বিষয়টি একটু দুর্ভাগ্যজনক। খারাপ লাগছে এই ভেবে যে তিনরকম পদ্ধতির পরীক্ষা সফলভাবে আয়োজন করার জন্য অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে। আরো অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করার ছিল। মাথায় রাখতে হবে, লিখিত পরীক্ষা শেষ হলেও প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে মার্চে। কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়েছে। তাই স্কুলে স্কুলে পরীক্ষা আয়োজনও একটা চ্যালেঞ্জ।

    সংসদের বিধি অনুযায়ী সভাপতি পদটি পুরো সময়ের। এদিকে, চিরঞ্জীববাবু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ সামলানোর পাশাপাশি সংসদের মাথাতেও ছিলেন। সেজন্যই কি তাঁকে সরিয়ে দেওয়া হল? এই প্রশ্নের পালটা হিসেবে তিনি বলেন, আমি নিজেই যাদবপুরের সহ-উপাচার্য থাকার পাশাপাশি সংসদ সভাপতি ছিলাম। তাছাড়া, এর আগেও সংসদ সভাপতি কলেজের অধ্যক্ষ এবং উপাচার্য একসঙ্গে ছিলেন। তাই এই যুক্তি খাটে না। তাই অনেকেই মনে করছেন তাঁকে তড়িঘড়ি সরানোর কারণ এটি নয়। প্রসঙ্গত, এবছরের আগস্ট পর্যন্ত তাঁর মেয়াদবৃদ্ধি করেছিল সরকার। তবে, ফল ঘোষণা তো বটেই, প্র্যাকটিক্যাল পরীক্ষার আগেই সভাপতিকে সরিয়ে দেওয়া রীতিমতো নজিরবিহীন ঘটনা।
    অন্যদিকে, পার্থ কর্মকার এর আগে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদে গুরুদায়িত্ব সামলেছেন। বিশেষ করে কমিশনে কঠিন সময়ে দায়িত্বে ছিলেন তিনি। যদিও, গণিতের এই অধ্যাপক এর আগে সভাপতি হননি। এদিন তিনি বলেন, সোমবার দায়িত্ব নেব। আমার নিজের বেশকিছু পরিকল্পনা রয়েছে। সেগুলি বাস্তবায়নের চেষ্টা করব। প্রসঙ্গত, স্কুলে স্কুলে গণিতচর্চা বৃদ্ধির জন্য নিয়মিত ওয়ার্কশপ করেন তিনি। ফলে, আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদে থাকলেও হাইস্কুলগুলির সঙ্গে ভালোই যোগাযোগ রয়েছে তাঁর।
  • Link to this news (বর্তমান)