• বাংলাদেশি তকমা, অভিষেকের হস্তক্ষেপে কাকদ্বীপ ফিরলেন ছয়
    বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, কাকদ্বীপ: বেঙ্গালুরুতে বাংলায় কথা বলার কারণে বাংলাদেশের নাগরিক তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কাকদ্বীপের রহিত আলি মোল্লা ও তাঁর পরিবারকে। দু’দিন তাঁদের জেলে আটকে রাখা হয়েছিল। তাঁরা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় জেল থেকে ছাড়া পান। ফিরেছেন কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার অন্তর্গত রামগোপালপুরের বাড়িতে।

    ৬৬ বছর বয়স রহিত আলি মোল্লার। প্রায় ছ’বছর ধরে বেঙ্গালুরুতে ফেরিওয়ালার কাজ করেন। সময়ের অভাবে বাড়ি আসার সমস্যা ছিল। তাই পরিবারকে বেঙ্গালুরু নিয়ে গিয়েছিলেন। স্ত্রী, ভাইপো, ছেলে ও মেয়ে মিলিয়ে ছ’জন একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। ২৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর একটি থানার পুলিশ তাঁদের বাংলাদেশের নাগরিক তকমা দিয়ে হঠাৎই গ্রেফতার করে। মোবাইল কেড়ে নেয়। রহিতরা ভোটার কার্ড, জমির দলিল সহ বিভিন্ন সরকারি নথিপত্র দেখান। কিন্তু তাঁদের ছাড়া হয়নি। শেষপর্যন্ত অন্য একটি মোবাইল জোগাড় করে আত্মীয়দের বিষয়টি জানান। তাঁরা ঘটনার কথা তৃণমূলের স্থানীয় নেতাদের বলেন। মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, ‘আমি ঘটনাটি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই। তিনি সরকারের সঙ্গে যোগাযোগ করেন। তারপর পুলিশ ছ’জনকে জেল থেকে ছেড়ে দেয়। তাঁরা বাড়ি ফিরছেন।’
  • Link to this news (বর্তমান)