• মিড ডে মিল মামলা: হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ, স্কুলে চাল-গম বণ্টন রাজ্যের নিয়ম মেনেই
    বর্তমান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মিড ডে মিল সংক্রান্ত এক মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে রাজ্য সরকার যে প্রক্রিয়ায় গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে স্কুলে মিড ডে মিলের চাল-গম পৌঁছানোর ব্যবস্থা করেছে, তা চালু রাখতে কোনো বাধা রইল না। আগামী ১০ এপ্রিল পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ রইল বলেই এদিন জানিয়ে দিল বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ।

    স্কুল পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্য ১৯৯৬ সালে মিড ডে মিল প্রকল্প শুরু করে কেন্দ্রীয় সরকার। কীভাবে স্কুলে সেই খাবার পৌঁছবে, তা ঠিক করার দায়িত্ব দেওয়া হয় রাজ্যকে। রাজ্য সরকার ২০০৬ সালে যে নিয়ম তৈরি করে, সেটি হল কেন্দ্রের ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার গুদাম থেকে ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে খাদ্যশস্য যাবে রেশন দোকানে। সেখান থেকে স্কুলে। এই ব্যবস্থা চলতে থাকলেও বীরভূম জেলার কিছু কন্ট্রাকটর, ডিস্ট্রিবিউটার আপত্তি তোলেন। তাদের দাবি, সরকারের পছন্দ মতো ডিস্ট্রিবিউটার নয়, তাদেরও সুযোগ দিতে হবে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।

    গত ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অজয় গুপ্তর বেঞ্চ জানিয়ে দেয়, ‘মনোপলি’ চলবে না। পুরো ব্যবস্থাকেই বাতিল করে দেওয়া হয়। বলা হয়, নতুন করে টেন্ডার ডেকে ডিস্ট্রিবিউটার ঠিক করে মিড ডে মিল চালু রাখতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসে ‘ওয়েস্ট বেঙ্গল এম আর ডিস্ট্রিবিউটারস অ্যাসোসিয়েশন।’
  • Link to this news (বর্তমান)