দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার বদলে ছাত্রের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। পড়ুয়া এত টাকা দিতে সমর্থ না হওয়ায় তাকে বাড়ি থেকে সোনার গয়না নিয়ে আসার পরামর্শ দেন শিক্ষক। চাপে পড়ে বাড়ি থেকে গয়না এনে দিলেও পুরো ঘটনা জানাজানি হওয়ার ভয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই পড়ুয়া। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কর্নাটকে (Karnataka)।
অভিযোগ, কর্নাটকের ধরওয়াদের বিদ্যারণ্য স্কুলের (Vidyaranya School in Karnataka’s Dharwad) এক শিক্ষক দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পরিবর্তে পড়ুয়ার কাছ বিপুল পরিমাণ নগদ অর্থ দাবি করেন। তা দিতে না পারায় শিক্ষক তখন ছাত্রটিকে নগদ টাকার পরিবর্তে বাড়ি থেকে সোনা আনতে বলেন। ছাত্রটি প্রথমে রাজি না হলে শিক্ষক তাঁকে আশ্বস্ত করেন যে তিনি পরে ফেরত দিয়ে দেবেন। চাপে পড়ে ছাত্র বাড়ি থেকে ৮০ গ্রাম সোনার গয়না অর্থাৎ বাজারদর অনুযায়ী ১২ লাখ টাকার গয়না এনে দেন।
বাড়ি থেকে গয়না উধাও হতেই পুলিশের দ্বারস্থ হন ছাত্রের পরিবার। অভিযোগ, ভয় পেয়ে ছাত্র শিক্ষকের সোনা ফেরত চাইলে তিনি উল্টে তাকে মুখ বন্ধ রাখার হুমকি দেন। অসহায় ছাত্রটি এর পরেই বাড়িতে বিষ আত্নহত্যার চেষ্টা করে, কিন্তু সময় মতো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সে বেঁচে যায়। এরপরেই সমস্ত কথা খুলে বলায় পড়ুয়ার অভিভাবকরা থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ওই একটি পড়ুয়া নয়, অভিযুক্ত শিক্ষক অন্য পড়ুয়াদের থেকেও এভাবেই টাকা তুলেছেন বলে সন্দেহ।