• হাওড়া স্টেশনের পাশে দুষ্কৃতী তাণ্ডব, আতঙ্কে যাত্রীরা, উদ্বিগ্ন পুলিশও
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • এই সময়, হাওড়া: হাওড়া স্টেশনের বাইরে ছিনতাইবাজদের হামলায় গুরুতরভাবে জখম দুই যাত্রী। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার গভীর রাতে, হাওড়া স্টেশনের ঠিক বাইরে। আক্রান্তরা পেশায় পরিযায়ী শ্রমিক। তাঁদের মধ্যে রয়েছেন পুরুলিয়ার ঝালদা থানার জামলেহর গ্রামের বাসিন্দা আস্তিক মাহাতো ও বিবেক মাহাতো। দু'জনেই বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

    পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কাজের খোঁজে দু'জনে ট্রেনে চেপে হাওড়ায় এসেছিলেন। রাতের দিকে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাস ধরতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল-সহ সমস্ত জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করেন স্থানীয় পথচারীরা। পরে খবর পেয়ে পুলিশ এসে তাঁদেরকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়।

    চিকিৎসকরা জানিয়েছেন, দু'জনের শরীরেই একাধিক স্থানে গভীর ক্ষত রয়েছে। মাথা ও হাতে আঘাত লেগেছে। সম্ভবত, ধারালো ছুরি দিয়ে তাঁদেরকে কোপানো হয়েছে। আপাতত দু'জনের অবস্থা স্থিতিশীল হলেও তাঁদেরকে

    হাওড়া স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাওয়া আসা করেন। অনেক দূরপাল্লার ট্রেন রাতের দিকে স্টেশনে ঢোকে। স্টেশন থেকে বেরিয়ে বাস কিংবা ট্যাক্সি ধরে যাত্রীরা নিজের গন্তব্যে রওনা দেন। সেই হাওড়া স্টেশনের কাছেই ছিনতাইবাজদের হাতে দুই যাত্রীর আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন পুলিশ। যাত্রীদের একাংশের দাবি, রাত বাড়লেই হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য বাড়ছে। মাঝে মধ্যেই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। রেল সূত্রে জানা গিয়েছে, গত বছর ২২ থেকে ২৬ জুনের মধ্যে রেল সুরক্ষা বাহিনী একটি বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করে, যারা বিভিন্ন ট্রেনে ও স্টেশন চত্বরে যাত্রীদের থেকে জিনিসপত্র চুরি করছিল। গত বছরের ১৫ অক্টোবর এক দম্পতির কাছ থেকে সোনার নেকলেস ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে হাওড়া স্টেশনের সাবওয়েতে। শুধু তাই নয়, গত বছরের ৫ মার্চ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে সাড়ে তিন বছরের এক শিশু অপহরণের ঘটনা ঘটে। যদিও পরবর্তীতে মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে এবং শিশুটি উদ্ধার হয়। এ বার স্টেশনের ঠিক বাইরে ছিনতাইবাজদের হাতে দু'জন আক্রান্ত হওয়ায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

    বিজেপি নেতা ওমপ্রকাশ সিং বলেন, 'দু'দিন আগেই হাওড়া স্টেশনের কাছেই পিলখানায় খুনের ঘটনা ঘটেছে। তার রেশ কাটতে না কাটতে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় ছুরি মেরে ছিনতাইয়ের ঘটনা এটাই প্রমাণ করছে যে, হাওড়ার আইনশৃঙ্খলা সম্পূর্ণ তলানিতে।'

    এ নিয়ে পুলিশের কঠোর সমালোচনা করেছেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, 'এ ব্যাপারে পুলিশের কড়া ব্যবস্থা নেওয়া উচিত। সেটা না হওয়ায় হাওড়ায় অপরাধ বাড়ছে।'

  • Link to this news (এই সময়)