• রাতের শহরে পিঙ্ক বুথ, টহল দেবে টিম SHINING, মহিলাদের নিরাপত্তায় জোড়া উদ্যোগ মমতার
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • সামনেই বিধানসভা ভোট। তার আগে মহিলাদের সুরক্ষায় দু’টি বড় উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার থেকেই কলকাতায় চালু হচ্ছে পিঙ্ক বুথ (Pink Booth)। মহিলা পুলিশ কর্মীরা থাকবেন এই বুথে। একই সঙ্গে এ দিন থেকেই শহরের বুকে টহল দেবে মহিলা প্যাট্রোলিং পার্টি SHINING। শনিবার X হ্যান্ডলে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। SHINING নামটিও তাঁরই দেওয়া।

    কলকাতা পুলিশের (Kolkata Police) উদ্যোগে এ দিন সন্ধ্যা থেকেই এই দু’টি পরিষেবা চালু হচ্ছে কলকাতায় (Kolkata)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে পিঙ্ক বুথ। রাস্তায় বেরিয়ে মহিলারা কোনও অসুবিধায় পড়লে এখানে যোগাযোগ করতে পারবেন। এই বুথ সামলাবেন মহিলা পুলিশ কর্মীরাই। জরুরি সহায়তার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত পরামর্শও পাবেন মহিলারা। অভিযোগও জানানো যাবে এখানে।

    টহলদারি দল রাত ৮টা থেকে ২টো পর্যন্ত টহল দেবে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে। ইএম বাইপাস সংলগ্ন এলাকার মতো যে সব রাস্তায় কর্মরত মহিলারা যাতায়াত করেন, সেখানে নজরদারি বাড়ানো হবে। টহল দেবে মহিলা প্যাট্রোলিং টিম।

    দেশের নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা। এ দিন পোস্টে সেই প্রসঙ্গ টেনে মমতা লিখেছেন, ‘গত কয়েক বছর ধরেই কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। নতুন এই দুই উদ্যোগ, কলকাতার নিরাপত্তাকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’

    সদ্য কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন সুপ্রতিম সরকার। তার পর থেকেই শহর জুড়ে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। সাইবার নিরাপত্তায় চালু হয়েছে বিশেষ নম্বর। রাতের শহরে নাকা চেকিং, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সক্রিয়তা বেড়েছে। এই আবহেই মহিলাদের নিরাপত্তায় দু'টি নতুন উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)