ধুবুলিয়া ও কৃষ্ণনগরের মাঝে বিকল হয়ে দাঁড়িয়ে পড়ল কলকাতা-সাইরাঙ এক্সপ্রেসের ইঞ্জিন। তার ফলে কয়েক ঘণ্টা ধরে আটকে থাকে কলকাতা-সাইরাং এক্সপ্রেস। চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। কৃষ্ণনগর স্টেশন ছেড়ে প্রায় ছয় কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে যায়।
কৃষ্ণনগর ও ধুবুলিয়ার মাঝে ট্রেন আটকে পড়ায় গরমের মধ্যে অস্বস্তি বাড়তে থাকে যাত্রীদের। এই ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে রেলের বিরুদ্ধে। বন্ধ এসি কামরার সবচেয়ে বেশি ভোগান্তি হয়েছে। এক ঘণ্টার ওপর বিদ্যুৎহীন হয়ে থাকে একের পর এক ট্রেনের কামরা।
রেল সূত্রে জানা গিয়েছে, রানাঘাট স্টেশন ছাড়ার পর থেকেই ট্রেনের ইঞ্জিনে কিছু সমস্যা হচ্ছিল। কৃষ্ণনগর স্টেশনের ঠিক আগে ট্রেনটিকে সাময়িকভাবে একবার দাঁড় করানো হয়। কিছু সময় পরীক্ষা-নিরীক্ষা করার পরে ট্রেন ফের কৃষ্ণনগর স্টেশন পৌঁছে, সেখান থেকে রওনা দেয়। ট্রেনটি ধীরগতিতে কৃষ্ণনগর থেকে রওনা দেওয়ার পরে ধুবুলিয়া ও কৃষ্ণনগরের মাঝখানে দাঁড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী ও আধিকারিকরা। তারা গিয়ে প্রাথমিকভাবে পরীক্ষা করে। এরপর ফের ট্রেনটি রওনা দিতে গেলে দেখা যায় ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে। রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা প্রাথমিকভাবে জানিয়েছেন, ট্রেনের ইঞ্জিনে ইলেকট্রিক সাপ্লাইয়ের সমস্যা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করা হয়। রেল সূত্রে খবর, বিকল ইঞ্জিনটিকে কৃষ্ণনগরে ফিরিয়ে এনে ধুবুলিয়া থেকে একটি বিকল্প ইঞ্জিন ট্রেনের সঙ্গে জুড়ে দিয়ে ফের যাত্রা শুরু করা হয়েছে।