• মার্চের শুরু থেকেই টের পাবেন! তাপমাত্রা ছুঁতে পারে ৩৫ ডিগ্রি, আবহাওয়া দফতরের সতর্কতা
    আজ তক | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • রাজ্যে গরমের প্রভাব দিনেদিনেই বেড়েই চলছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় সকালবেলায় কলকাতা সহ একাধিক এলাকায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। দিনের শুরুতে হালকা কুয়াশা থাকলেও দুপুরে রোদ যত বাড়ছে, গরম তত তীব্র হচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, মার্চের শুরু থেকেই শহরবাসী গরমের আমেজ টের পাবেন।

    শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি কম। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাহের মধ্যে কলকাতায় দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হোলি এবং দোলের সময় দক্ষিণবঙ্গে গরম খুব জাঁকিয়ে বসতে পারে।

    দক্ষিণবঙ্গের গরম বাড়লেও উত্তরবঙ্গে এখনো মনোরম আবহাওয়া বিরাজ করছে। পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে, আর সিকিম তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তবে রবিবারের পর বৃষ্টির প্রভাব কিছুটা কমতে পারে।

    আবার সমুদ্রের ওপরেই একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা ইতোমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় আছে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে, যার ফলে রাজ্যের আবহাওয়া এখন কিছুটা খামখেয়ালি রূপ নিয়েছে, একদিন গরম, আরেকদিন বৃষ্টি বা ঝোড়ো হাওয়া।

    দক্ষিণবঙ্গে গরম বাড়ছে, কলকাতা দ্রুত ৩৫° ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে
    উত্তরবঙ্গে বৃষ্টি ও শীতল আবহাওয়া - দার্জিলিং, কালিম্পং ও সিকিমে পরিবর্তনশীল পরিস্থিতি
    বায়ুমণ্ডলে একাধিক প্রভাব - নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যের আবহাওয়া কাঠামোকে খামখেয়ালি করছে
     

     
  • Link to this news (আজ তক)