দোলের সকালে মিলবে না মেট্রো, কখন শুরু পরিষেবা, হোলিতে চলবে?
আজ তক | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
দোলের দিন সকালে মেট্রোযাত্রীদের জন্য থাকছে বড় পরিবর্তন। কলকাতা মেট্রো জানিয়েছে, আগামী ৩ মার্চ, মঙ্গলবার দোল উপলক্ষে শহরের কোনও মেট্রো লাইনে সকালবেলায় পরিষেবা পাওয়া যাবে না।
কোন কোন লাইনে পরিবর্তন?
ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর)
গ্রিন লাইন (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ)
অরেঞ্জ লাইন (কবি সুভাষ-বেলেঘাটা)
পার্পেল লাইন (জোকা-মাঝেরহাট)
সব ক’টি লাইনেই সকালে মেট্রো বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
কখন থেকে চলবে মেট্রো?
মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, উত্তর–দক্ষিণ শাখা তথা ব্লু লাইনে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোর পর। গ্রিন লাইনেও একই নিয়ম প্রযোজ্য হবে, দুই প্রান্তিক স্টেশন থেকেই দুপুরের পর পরিষেবা শুরু হবে। যদিও নির্দিষ্ট সময়সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিকেলের মধ্যে বিস্তারিত সময়সূচি জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে স্বস্তির খবর, শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।
অরেঞ্জ ও পার্পেল লাইনের কী হবে?
গত বছর দোলের দিন ব্লু ও গ্রিন লাইনে দুপুরের পর পরিষেবা মিললেও অরেঞ্জ ও পার্পেল লাইনে মেট্রো চলেনি। এ বছরও ওই দুই লাইনে পরিষেবা না-চলার সম্ভাবনাই বেশি বলে সূত্রের খবর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে।
হোলির দিনে কী হবে?
দোলের পরের দিন হোলির পরিষেবায় কোনও পরিবর্তন হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দিন সময়সূচি বদলের সম্ভাবনা কম।