• রাজ্যের পেনশনভোগীদের জন্য সুখবর, ভোটের আগে মিলবে এক্স গ্র্যাশিয়া, জারি বিজ্ঞপ্তি
    দৈনিক স্টেটসম্যান | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • সরকারি নির্দেশিকা বলছে, যাঁরা ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর আগে অবসর নিয়েছেন, অথবা ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে অবসর গ্রহণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন, তাঁরা এই সুবিধার আওতায় থাকবেন। তবে শর্ত রয়েছে— ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট পেনশনভোগীর মূল পেনশন ও মহার্ঘ ত্রাণ (ডিআর)-এর মোট অঙ্ক মাসে ৪০ হাজার টাকার বেশি হলে তিনি এই অনুদান পাবেন না। পাশাপাশি, যাঁরা ‘অ্যাড-হক’ বোনাসের জন্য যোগ্য নন, কেবল তাঁরাই এই ‘এক্স-গ্র্যাশিয়া’ পাওয়ার অধিকারী হবেন।

    ফ্রেঞ্চ পেনশন রুল অনুযায়ী পারিবারিক পেনশনভোগী, বিধবা পেনশনভোগী এবং অতিরিক্ত সাধারণ পেনশন প্রাপকরাও এই সুবিধার অন্তর্ভুক্ত। তবে কোনও পাবলিক আন্ডারটেকিং সংস্থায় পুনর্নিয়োজিত হয়ে বোনাসপ্রাপ্ত ব্যক্তিরা এই অনুদান পাবেন না।

    আসন্ন ইদ-উল-ফিতর উৎসবকে সামনে রেখে অর্থ প্রদানের জন্য দুটি পৃথক সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মুসলিম পেনশনভোগীদের ক্ষেত্রে ২০২৬ সালের ইদের আগেই অর্থ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অন্য পেনশনভোগীদের জন্য ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে সরাসরি ব্যাঙ্কে টাকা পাঠানো হবে। যাঁরা সরকারি ব্যাঙ্কের মাধ্যমে পেনশন পান, তাঁদের অ্যাকাউন্টে অর্থ জমা হবে। পোস্ট অফিস বা ট্রেজারির মাধ্যমে পেনশন গ্রহণকারীদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

    অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র স্বাক্ষরিত নির্দেশে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভা ও স্থানীয় প্রশাসনের যোগ্য পেনশনভোগীরাও একই নিয়মে এই অনুদান পাবেন। যদিও রাজনৈতিক মহলের একাংশ এই ঘোষণার সঙ্গে ভোটের সমীকরণ দেখছে। রাজ্য সরকারের দাবি— ইদ উপলক্ষে প্রতি বছরই এমন আর্থিক সহায়তা দেওয়া হয়; এ বার ভোটের সঙ্গে বিষয়টি কাকতালীয়।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)