• শর্ট বলে দুর্বলতা স্পষ্ট, তবে ওপেনিংয়ে ডান-বাঁ কম্বিনেশনই লাইফ লাইন হবে সঞ্জুর?
    এই সময় | ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ে T20 World Cup-এর সুপার-আট পর্বে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানের বিশাল জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন India। তবে এই জয়ের মাঝেও দলের এক ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে খুশি নন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার এস বদ্রীনাথ (S Badrinath)। তাঁর নিশানায় আর কেউ নন, সঞ্জু স্যামসন (Sanju Samson), যিনি জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সুযোগ পেয়েও বড় স্কোর করতে পারেননি।

    জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে আবারও ভারতের প্রথম একাদশে সুযোগ পান সঞ্জু স্যামসন। চলতি বিশ্বকাপে এটি ছিল তাঁর দ্বিতীয় ম্যাচ। শুরুটা ভালোই করেছিলেন তিনি। মাত্র ১৫ বলে ২৪ রান করেন, মারেন দু’টি বিশাল ছক্কা ও একটি চার। চেন্নাইয়ের দর্শকদের মন জয় করেন নির্ভীক শটে। কিন্তু সমস্যা হল, আবারও শর্ট বলে আউট। লেগ সাইডে সরে গিয়ে বড় শট খেলতে গিয়ে ডিপ মিড-উইকেটে সহজ ক্যাচ তুলে দেন। গত এক বছরে T20 ক্রিকেটে এমন শর্ট বলে একাধিকবার আউট হয়েছেন স্যামসন। একই ভুল যেন বারবার ফিরে আসছে।

    চেন্নাইয়ে স্যামসনের আউট নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে খোলামেলা মন্তব্য করেন বদ্রীনাথ। তাঁর মতে, স্যামসনের ব্যাটিংয়ে স্পষ্ট টেকনিক্যাল সমস্যা রয়েছে। শট খেলতে গিয়ে তিনি অতিরিক্ত লেগ সাইডে সরে যান, ফলে তিনটি স্টাম্পই বোলারের সামনে খুলে দেন। এতে বোলারদের লক্ষ্যভেদ করা সহজ হয়ে যায়। বদ্রীনাথ বলেন, ‘সঞ্জু স্যামসনের দলে সুযোগ পাওয়ায় চিপক দর্শকরা খুব খুশি হয়েছিল। ও দলের হয়ে শুরুটা ভালোও করেছিল। কিন্তু এখনও ও টেকনিক্যালি ভুল করছে। বলের দিক থেকে সরে লেগ সাইডে চলে যাচ্ছে। এতে তিনটি স্টাম্পই বোলারের সামনে খুলে দিচ্ছে। ছোটবেলা থেকেই একজন ব্যাটারকে শেখানো হয়, যেন কখনও তিনটি স্টাম্প পুরোপুরি না খুলে দেয়।’

    তিনি আরও যোগ করেন, ‘তিনটি স্টাম্প খুলে দেওয়া মানে মৌলিক ভুল করা। আমি জানি না কোচরা যেটা বলে, সেটা ও কতটা শুনছে। এখন বেশির ভাগ ক্রিকেটারের ব্যক্তিগত কোচ থাকে। তাই দলের কোচদের পরামর্শ কতটা নিজের খেলায় প্রয়োগ করছে, তা নিশ্চিত নই। ওর খেলায় স্পষ্ট টেকনিক্যাল ত্রুটি রয়েছে। টুর্নামেন্ট চলাকালীন এই ভুল শুধরে ফেলা কঠিন।’

    যদিও সমালোচনা করেছেন, তবুও স্যামসনের দলে থাকা নিয়ে সমর্থন জানিয়েছেন বদ্রীনাথ। তাঁর মতে, ওপেনিং জুটিতে ডান-বাঁ হাতের কম্বিনেশন খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সেই ভারসাম্য রাখার জন্য স্যামসনই সেরা বিকল্প। ভালো করার ক্ষেত্রে তাঁর টেকনিক নিয়ে বেশি খোঁচাখুঁচি করার প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।

    স্যামসন ওপেন করতে নামায় ঈশান কিষান (Ishan Kishan) তিন নম্বরে নেমে ৩৮ রান করেন। তিলক বর্মা (Tilak Varma) ছয় নম্বরে নেমে অপরাজিত ৪৪ রান করেন। পাঁচ নম্বরে নেমে ঝোড়ো ২৩ বলে ৫০ রান করেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ব্যাটিং অর্ডারের এই বদল দারুণ কাজ করেছে। তাই শেষে বদ্রীনাথ বলেছেন, ‘এই ব্যাটিং অর্ডার দারুণ। আমার একটাই পরামর্শ— এটা আর বদলাবেন না। ওয়েস্ট ইন্ডিজ়র বিরুদ্ধে হঠাৎ করে কাউকে ঢোকাবেন না। কিছু না বদলালেই ভারত ভালো করবে। বেশি বুদ্ধি দেখাতে গিয়ে গণ্ডগোল করার প্রয়োজন নেই।’

  • Link to this news (এই সময়)