শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। অনলাইনে আপলোড করা হয়েছে সমস্ত বুথভিত্তিক ভোটার লিস্ট। সেই তালিকায় ‘Deleted’ বলে দেখানো হয়েছে নৈহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার এবং তাঁর মা আরতি সরকারের নাম।
ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস-এর তরফে বিষয়টি প্রকাশ্যে আনা হয়। দলীয় নেতৃত্বের দাবি, যথাযথ নথিপত্র থাকা সত্ত্বেও এ ভাবে নাম বাদ পড়ায় নির্বাচন কমিশনের ভূমিকা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। সুশান্ত সরকার জানান, শুধু তাঁর ও তাঁর মায়ের নামই নয়, তাঁর বাবার নামও ভোটার তালিকায় না থাকায় সমস্যার সম্মুখীন হতে হয়েছে আগেই। বাবার নাম পুনরায় অন্তর্ভুক্তির জন্য তিনি ৬ নম্বর ফর্ম পূরণও করেছেন। তবে, এখনও পর্যন্ত বাবার নাম তালিকায় যুক্ত হয়েছে কি না, তা তিনি নিশ্চিত নন।
তিনি দাবি করেছেন, তাঁর বুথে মোট ৭৪ জন ভোটারের নাম ‘ডিলিটেড’ হিসেবে দেখানো হয়েছে। এত সংখ্যক নাম একসঙ্গে বাদ পড়ায় স্বাভাবিক ভাবেই উদ্বেগ তৈরি হয়েছে ওই এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও। সুশান্ত সরকারের কথায়, ‘আমরা বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছি, নিয়মিত ভোট দিয়ে আসছি। হঠাৎ করে ভোটার তালিকায় নাম মুছে যাওয়ার এই ব্যাপারটা একটা চক্রান্ত।’
তৃণমূলের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, ‘বিজেপির বেঁধে দেওয়া কোটির গণ্ডি পার করতে কি একের পর এক ভোটারের নাম এ ভাবে বাদ দেবে 'দালাল' কমিশন? নাকি আবারও BLO-দের ঘাড়ে দায় চাপিয়ে হাত ধুয়ে ফেলবে?’